গাজীপুর প্রতিনিধি: রোববার (২৪ আগষ্ট) গাজীপুরের ভোগড়া-বাইপাস এলাকায় ভোগড়া থেকে নারায়ণগঞ্জের মদনপুর পর্যন্ত ৪৮ কিলোমিটার ঢাকা-বাইপাস এক্সপ্রেসওয়ের ১৮ কিলোমিটার অংশের উদ্বোধন করা হয়েছে।
এ সময় উদ্বোধনী ফলকে নিজের নাম লেখা দেখে কর্তৃপক্ষের উপর রেগে যান বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ, সড়ক পরিবহন ও সেতু এবং রেলপথ মন্ত্রণালয়ের উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খান।
জানা গেছে, রোববার সকাল ১১টায় উদ্বোধনের কথা ছিল। উপদেষ্টা ফাওজুল কবির সময়মতো অনুষ্ঠানস্থলে আসেন। এরপর বক্তৃতা শেষ করে ফিতা কেটে ফলক উদ্বোধন করতে যান। উদ্বোধনী ফলকের কাছে গিয়ে হাত দিয়ে পর্দা সরিয়ে তিনি দেখতে পান, সেখানে উদ্বোধক হিসেবে উপদেষ্টার নাম লেখা রয়েছে। এটি দেখা মাত্রই তিনি রেগে যান।
তাৎক্ষণিকভাবে উপদেষ্টা উদ্বোধনী ফলকের কাছ থেকে সরে আসেন এবং বলতে থাকেন, ‘এখানে নাম আসল কীভাবে? এটি কি আমার বাপের টাকায় করছে? তাহলে এখানে আমার নাম দিয়েছ কেন? এই ফলকে আমার নাম থাকবে না। এটি ইমিডিয়েটলি চেঞ্জ করো।’ এমন নির্দেশনা দেন তিনি।
তিনি আরো বলেন, ‘কোনো নাম থাকবে না। জাস্ট বাইপাস উদ্বোধন হয়েছে এ কথাটি লেখা থাকবে। তা ছাড়া আর যারা কাজ করছে মন্ত্রণালয় বা অন্যান্য বিষয় লেখা থাকবে।’
এ সময় সেখানে উপস্থিত মন্ত্রণালয়ের কর্মকর্তাদের উদ্দেশে উপদেষ্টা বলেন, ‘এখানে নাম আসল কীভাবে? কেন তোমরা জানো না? এখানে আমার নাম লেখা যাবে না?’ এ কথা বলে তিনি হাঁটতে শুরু করেন। পরে উপদেষ্টা উপস্থিত অন্য কর্মকর্তাদের সঙ্গে নিয়ে ফিতা কাটতে যান।
এ সময় অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের সিনিয়র সচিব মো. এহসানুল হক, ঢাকা বিভাগীয় কমিশনার শরফ উদ্দিন আহমদ চৌধুরী, সড়ক ও জনপথ অধিদপ্তরের প্রধান প্রকৌশলী সৈয়দ মঈনুল হাসান, গাজীপুর মহানগর পুলিশ কমিশনার ড. নাজমুল করিম খান, গাজীপুর জেলা প্রশাসক নাফিসা আরেফিন প্রমুখ।
রিপোর্টার্স২৪/ধ্রুব