স্টাফ রিপোর্টার, চাঁদপুর : চাঁদপুরে বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য আজম খানের বাড়িতে হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটেছে। এতে অন্তত ৩০ থেকে ৩৫ জন আহত হয়েছে। আহতদের স্থানীয় হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়েছে। মঙ্গলবার (২৬ আগস্ট) দুপুরে চাঁদপুর-কুমিল্লা সড়কের সিংহপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।
আজম খান বলেন, জেলা বিএনপির একাংশ, যুবদল ও ছাত্রদলের কিছু নেতাকর্মী দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে হঠাৎই দুপুরে বাড়িতে হামলা করে। তারা বাড়ির ভেতরের আসবাবপত্র ও গাড়িসহ অন্যান্য জিনিসপত্র ভাঙচুরের পাশাপাশি লুটপাট চালায়। এ সময় তার অনুসারি অন্তত ৩০ থেকে ৩৫ জন নেতাকর্মী আহত হন। আহতদের মধ্যে বেশ কয়েকজনের অবস্থা গুরুতর। চাঁদপুর জেলা বিএনপির সভাপতি শেখ ফরিদ আহমেদ মানিকের নির্দেশে এ হামলা হয়েছে। তারা জিয়াউর রহমান, খালেদা জিয়া ও তারেক রহমানের ছবিও ভাঙচুর করেছে।
তিনি আরও বলেন, দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যানসহ সিনিয়র নেতৃবৃন্দের দৃষ্টি আকর্ষণ করছি। আশা করি আইনশৃঙ্খলা বাহিনী জড়িতদের দ্রুত আইনের আওতায় আনবে।
তবে এ বিষয়ে এখন পর্যন্ত থানায় কোন অভিযোগ দায়ের করা হয়নি বলে জানিয়েছে পুলিশ। অভিযোগ পেলে ব্যবস্থা নেওয়া হবে।
রিপোর্টার্স২৪/এসএন