রিপোর্টার্স ২৪ ডেস্ক: নরসিংদীর লাইফ কেয়ার হাসপাতালে অপারেশনের সময় রাহা মণি নামে ৭ বছরের এক শিশুর মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (২৮ আগস্ট) রাতে নরসিংদী পাতিলবাড়ি রোডে অবস্থিত লাইফ কেয়ার হাসপাতালে এ ঘটনা ঘটে। নিহত রাহামণি রায়পুরা উপজেলার হাঁটুভাঙ্গা উত্তরপাড়া এলাকার নিজামুল হক রয়েলের মেয়ে।
শিশুটির পরিবারের অভিযোগ, চিকিৎসকের অবহেলা ও ভুল চিকিৎসার কারণেই রাহামণির মৃত্যু হয়েছে। অ্যানেস্থেসিয়া ইনজেকশন পুশ করে ছিলেন ডা. সুদীপ্ত সাহা আর টনসিলের অপারেশন করেছিলেন ডা. তন্ময় কর। অপারেশনের পর বেডে নেওয়ার ৩ ঘণ্টা পরেও শিশুটির জ্ঞান ফিরে না আসায় তাকে পুনরায় অপারেশন থিয়েটারে নেয়া হয়। এর কিছুক্ষণ পর রোগীকে মৃত ঘোষণা করা হয়। ঘটনার পর ক্ষুব্ধ স্বজন ও স্থানীয়রা হাসপাতালে বিক্ষোভ শুরু করে।
এ ঘটনায় পুলিশ অভিযান চালিয়ে হাসপাতালের চিকিৎসক তন্ময় করসহ দুজনকে গ্রেপ্তার করেছে।
পুলিশ জানায়,পরিবারের অভিযোগের ভিত্তিতে প্রাথমিকভাবে দায়ী চিকিৎসকদের আটক করা হয়েছে। এ ঘটনায় তদন্তসাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
রিপোর্টার্স ২৪/প্রীতিলতা