স্টাফ রিপোর্টার,কুড়িগ্রাম: জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কেন্দ্রীয় যুগ্ম সদস্য সচিব আরিফ সোহেল বলেছেন, “আমাদেরকে সংবিধানের আঞ্চলিক বৈষম্যের বিরুদ্ধে নিয়মতান্ত্রিক লড়াই চালিয়ে যেতে হবে। আমরা কোনো ধরনের বৈষম্য চাই না। প্রশ্ন হলো, আপনারা কী এমপি চান, না এমএলএ চান? যদি এমএলএ চান, তাহলে গণপরিষদ নির্বাচন প্রয়োজন, নতুন সংবিধান প্রয়োজন।”
তিনি আরও বলেন, “এই আলোচনা এখনো চলছে ঐক্যমত কমিশনে। বিএনপি বলছে পার্লামেন্টে হবে, আমরা বলছি, না! গণপরিষদ লাগবে। আলোচনা এখনো শেষ হয়নি। হতাশ হওয়ার কিছু নেই, আলোচনা চলমান রয়েছে।”
গণপরিষদ নির্বাচন, সংবিধান সংস্কার এবং ২০২৪ সালের গণহত্যাকারীদের বিচারের দাবিতে রাজনৈতিক অবস্থান স্পষ্ট করা এবং সাংগঠনিক বিস্তৃতি জোরদারে কুড়িগ্রামে কর্মশালার আয়োজন করে এনসিপি। শুক্রবার (২৯ আগস্ট) দুপুরে কুড়িগ্রাম জেলা পরিষদ অডিটরিয়ামে অনুষ্ঠিত এই কর্মশালায় অংশ নেন জেলা ও উপজেলার নেতারা।
কর্মশালায় সভাপতিত্ব করেন কুড়িগ্রাম জেলা কমিটির প্রধান সমন্বয়ক মুকুল মিয়া। এতে উপস্থিত ছিলেন এনসিপির কেন্দ্রীয় যুগ্ম সংগঠক (দক্ষিণাঞ্চল) এস এম শাহরিয়ার, যুগ্ম মুখ্য সমন্বয়ক খান মোহাম্মদ মোরসালিন, যুগ্ম সদস্য সচিব আরিফ হোসেন, কুড়িগ্রাম জেলা শাখার যুগ্ম সমন্বয়কারী (প্রচার ও মিডিয়া) রাশেদুজ্জামান তাওহীদ প্রমুখ।
দিনব্যাপী কর্মশালায় স্থানীয় নেতাকর্মীরা রাজনৈতিক অবস্থান, সাংগঠনিক কার্যক্রম ও ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে কেন্দ্রীয় নেতাদের সঙ্গে মতবিনিময় করেন। কর্মশালার পর বাদ জুমা কুড়িগ্রাম আদর্শ পৌরবাজার এলাকায় গণসংযোগ কর্মসূচি পালন করেন কেন্দ্রীয় নেতারা। এ সময় তারা পথচারী ও সাধারণ মানুষের মাঝে লিফলেট বিতরণ করেন।
বিকালে কেন্দ্রীয় নেতারা ফুলবাড়ী উপজেলার খড়িবাড়ি হাট বৈঠকে অংশ নেন। কর্মশালায় নেতারা বলেন, “আমরা শুধু রাষ্ট্র পরিবর্তনের জন্য নয়, জনগণের অধিকার প্রতিষ্ঠার জন্যই লড়াই করছি। বৈষম্যহীন বাংলাদেশ গড়তে সবার অংশগ্রহণ নিশ্চিত করতে হবে।”
রিপোর্টার্স ২৪/ প্রীতিলতা