কুড়িগ্রাম প্রতিনিধি: কুড়িগ্রামের নাগেশ্বরী উপজেলার কচাকাটার শিঙ্গিমারী গ্রামে বাড়ির পাশের একটি পুকুর থেকে শতবর্ষী এক বৃদ্ধের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। নিহত ওই বৃদ্ধের নাম বছির উদ্দিন। শনিবার (৩০ আগস্ট) সকালে কচাকাটা থানার শিঙ্গিমারী এলাকা থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
পরিবারের প্রথম পক্ষের সন্তানদের দাবি, বৃদ্ধকে পরিকল্পিতভাবে হত্যা করে পুকুরে ফেলে দিয়েছে দ্বিতীয় পক্ষের সন্তানরা। অন্যদিকে দ্বিতীয় পক্ষের দাবি, গরুকে গোসল করাতে গিয়ে তিনি দুর্ঘটনাবশত পানিতে পড়ে মারা গেছেন।
পুলিশ জানায়, চলতি বছরের ফেব্রুয়ারিতে বছির উদ্দিনের ২.১০ একর জমি দ্বিতীয় পক্ষের দুই সন্তানের নামে লিখে দেওয়া হয়। এরপর থেকে দুই পক্ষের সন্তানদের মধ্যে পারিবারিক দ্বন্দ্ব চলছিল। নিহত বৃদ্ধ দ্বিতীয় পক্ষের বাড়িতেই বসবাস করতেন।
কচাকাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহ আলম বলেন, মরদেহ উদ্ধার করে ইউডি মামলা পূর্বক ময়না তদন্তের জন্য কুড়িগ্রামে মর্গে প্রেরণ করা হয়েছে। তদন্ত সাপেক্ষে আইনি ব্যবস্থা নেয়া হবে।
রিপোর্টার্স ২৪ / প্রীতিলতা