সিনিয়র রিপোর্টার : ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনে স্বতন্ত্র শিক্ষার্থী ঐক্য প্যানেলের ভিপি প্রার্থী উমামা ফাতেমা বলেছেন, আমি মনে করি, মেয়েরাই এবার ডাকসুতে ব্যবধান গড়ে দেওয়ার বড় ফ্যাক্টর। ডাকসু নির্বাচনে বড় ফ্যাক্টর ছাত্রীদের ভোট। মেয়েরা সহজে অন্যের দ্বারা প্রভাবিত হন না। মেয়েদের একটা যুক্তিসংগত চিন্তা থাকে।
শনিবার (৬ সেপ্টেম্বর) দুপুরে বিশ্ববিদ্যালয়ের বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব হলে প্রচারকালে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে এসব কথা বলেন তিনি।
তিনি আরও বলেন, নারীদের ভোটকেন্দ্রে আনা বড় চ্যালেঞ্জ। এবার ৪৭ শতাংশ ছাত্রী ভোটারই ডাকসুর গতিমুখ নির্ধারণ করবেন।
উমামা ফাতেমা বলেন, মেয়েদের ভোট আনার প্রথম চ্যালেঞ্জ হলো অনেকেই বাসায় চলে গেছেন। অনেকের আবার পরীক্ষার প্রস্তুতি ছুটি চলছে। আবার অনেকে ডাকসুকে শুধুই রাজনৈতিক প্ল্যাটফর্ম হিসেবে চিন্তা করেন। এ জন্য মেয়েদের মধ্যে ভোট দিতে অনাগ্রহ কাজ করে।
তিনি আরও বলেন, আবার অনেকের পরিবার থেকে ফোন করে বাসায় নিয়ে যাওয়া হয়েছে। সেই জায়গা থেকে আমি মনে করি মেয়েদের ভোট কেন্দ্রে আনা একটি চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে। আবার মেয়েদের ভোটকেন্দ্র হল থেকে দূরে দূরে রাখা হয়েছে। এতে ভোটারদের মধ্যে আগ্রহ কমবে।
উমামা ফাতেমা বলেন, ‘ছাত্রীরা সবাই যদি ভোট দিতে আসেন, তাহলে ভোটার অংশগ্রহণ ৩৫ হাজারের বেশি হয়ে যাবে। আমরা আশা করি, মেয়েরা গণহারে ভোট দিতে আসবেন। আমরা তাঁদের উৎসাহিত করছি।
রিপোর্টার্স২৪/ধ্রুব