কুড়িগ্রাম প্রতিনিধি : আদালতের নির্দেশে ডিভিশন সুবিধাপ্রাপ্ত হলেও কুড়িগ্রাম কারাগারের সাধারণ মহিলা ওয়ার্ডেই অবস্থান করছেন সাবেক জেলা প্রশাসক (ডিসি) সুলতানা পারভীন। রবিবার (৮ সেপ্টেম্বর) পর্যন্ত টানা ছয় দিনেও তাকে ডিভিশন সুবিধাযুক্ত কারাগারে স্থানান্তর করা হয়নি।
কুড়িগ্রাম জেলা কারাগার কর্তৃপক্ষ জানিয়েছে, এ কারাগারে ডিভিশন সুবিধার অবকাঠামো নেই। তবে আদালতের নির্দেশে ডিভিশন সুবিধা পাওয়া সত্ত্বেও সুলতানা পারভীন নিজ আগ্রহে এখানেই থাকছেন। গত পাঁচ দিন ধরে তিনি সাধারণ মহিলা ওয়ার্ডে অবস্থান করছেন।
এর আগে, সাংবাদিক নির্যাতনের মামলায় গত ২ সেপ্টেম্বর কুড়িগ্রাম জেলা জজ আদালতে আত্মসমর্পণ করে জামিন আবেদন করেন সাবেক ডিসি সুলতানা পারভীন। আদালত আবেদন নাকচ করে তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। একই দিন আইনজীবীর মাধ্যমে ডিভিশন সুবিধার আবেদন করলে আদালত তা মঞ্জুর করেন।
উল্লেখ্য ২০২০ সালের ১৩ মার্চ রাতে সরকারি একটি পুকুর সংস্কার করে সংবাদ প্রকাশের জেরে বাংলা ট্রিবিউনের কুড়িগ্রাম প্রতিনিধি সাংবাদিক আরিফুল ইসলাম রিগানকে ভ্রাম্যমাণ আদালতের নামে তুলে নিয়ে নির্যাতনের অভিযোগে করা মামলায় বর্তমানে কারাভোগ করছেন সুলতানা পারভীন। ফৌজদারি মামলা চলমান থাকা অবস্থায়ও তিনি যুগ্মসচিব পদে পদায়ন ও পদোন্নতি পেয়েছিলেন, যদিও তা নিয়ে উচ্চ আদালতে রুল জারি রয়েছে।
পরবর্তীতে জুলাই গণঅভ্যুত্থানের পর অন্তবর্তীকালীন সরকার তাকে বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওএসডি) করে।
আইনজীবীরা বলছেন, কারাগারে ডিভিশন সুবিধা পাওয়া সত্ত্বেও কোনও আসামি সাধারণ ওয়ার্ডে থাকতে চান—এমন নজির নেই। সাবেক ডিসির এ অবস্থান নিয়ে সন্দেহের সৃষ্টি হয়েছে। তাদের মতে, তিনি সুবিধাবিহীন কুড়িগ্রাম কারাগারেই থেকে বাড়তি সুবিধা পাচ্ছেন কি না, তা খতিয়ে দেখা জরুরি।
রিপোর্টার্ট ২৪ /এসএন