সিনিয়র রিপোর্টার : রাজধানীর ভাটারা থানার কুড়িলে বেতন-ভাতার দাবিতে সড়ক অবরোধ করে বিক্ষোভ করছেন ইউরোজোন ফ্যাশন গার্মেন্টসের শ্রমিকরা। বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর) বিকেল ৩টার দিকে তারা সড়ক অবরোধ করেন। এতে করে সড়কের দুই পাশের যানচলাচল বন্ধ হয়ে যায়। চরম ভোগান্তিতে পড়েন সাধারণ মানুষ।
ডিএমপির গুলশান ট্রাফিক বিভাগের ফেসবুক পেজে বেলা ৩ টার দিকে এক পোস্টে জানানো হয়, কুড়িলে কিছুক্ষণ আগে ইউরোজোন ফ্যাশন গার্মেন্টসের প্রায় ৫০০/৬০০ কর্মী পুনরায় বেতন-ভাতার দাবিতে ইনকামিং ও আউটগোয়িং রাস্তা বন্ধ করে দিয়েছে। ফলে কুড়িল থেকে বাড্ডার দিকে ও বাড্ডা থেকে কুড়িলের দিকে কোনো গাড়ি যাচ্ছে না। পাশাপাশি এয়ারপোর্ট রোডে ঢাকা উত্তরা-ময়মনসিংহ হাইওয়ের ইনকামিং এবং আউটগোয়িং উভয় দিকে রাস্তা প্রায় ২০০ কর্মীরা বন্ধ করে দিয়েছে।
প্রত্যক্ষদর্শী ব্যবসায়ী আবু বক্কর সিদ্দিক মানিক বলেন, কুড়িলের রাস্তার দুই পাশ অবরোধ করে বিক্ষোভ করছে পোশাক শ্রমিকরা। প্রায় সবার হাতে লাঠিসোটা রয়েছে। এতে করে কুড়িল থেকে রামপুরাগামী সড়কের দুই পাশ বন্ধ রয়েছে। শত শত গাড়ি আটকা পড়ে আছে। অনেকে বাধ্য হয়ে গাড়ি থেকে নেমে পায়ে হেটে গন্তব্যে যাচ্ছেন।
এ বিষয়ে ডিএমপির বাড্ডা জোনের পরিদর্শক (পেট্রোল) মো. জহিরুল ইসলাম বলেন, গার্মেন্টস শ্রমিকদের সঙ্গে মালিক পক্ষের বেতন-ভাতা নিয়ে একটি ঝামেলা চলছিল। শ্রমিকদের পাওনা বেতন ভাতা না দেওয়ায় কুড়িলের রাস্তা অবরোধ করে বিক্ষোভ করছে। এতে করে সড়কের দুই পাশে যানচলাচল বন্ধ রয়েছে। শ্রমিকদের বুঝিয়ে সরিয়ে দেওয়ার চেষ্টা চলছে।
রিপোর্টার্স২৪/এসএন