রিপোর্টার্স২৪ ডেস্ক :
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ (জাকসু) নির্বাচনে শিবির সমর্থিত ‘সমন্বিত শিক্ষার্থী জোট’ প্যানেল থেকে অংশ নিয়ে জয়ী হয়েছেন এক দম্পতি। গতকাল শনিবার সন্ধ্যা ৭টায় জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সিনেট ভবনে জাকসু নির্বাচনের চূড়ান্ত ফলাফল ঘোষণা করা হয়। এ সময় কার্যকরী সদস্য পদে হাফেজ তারিকুল ইসলাম ও সহ-সমাজসেবা ও মানবসেবা উন্নয়ন সম্পাদক (ছাত্রী) পদে নিগার সুলতানার নাম ঘোষণা করা হলে তাদের অভিনন্দন জানিয়ে নানা স্লোগান দিতে শুরু করেন শিক্ষার্থীরা।
জানা গেছে, হাফেজ তারিকুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের গণিত বিভাগের ৪৯তম ব্যাচের (সেশন ২০১৯-২০) মাস্টার্সের শিক্ষার্থী।
তিনি বর্তমান জাবি শাখা শিবিরের সমাজসেবা সম্পাদক। তার স্ত্রী নিগার সুলতানা ফার্মেসি বিভাগের ৫০তম ব্যাচের (সেশন ২০২০-২১) চতুর্থ বর্ষের শিক্ষার্থী। তিনি কুরআন অ্যান্ড কালচারাল স্টাডি ক্লাবের কো-হেড হিসেবে বর্তমানে কর্তব্যরত।
ঘোষিত ফলাফলে জানা গেছে, নির্বাচনে সহসভাপতি (ভিপি) নির্বাচিত হয়েছেন স্বতন্ত্র শিক্ষার্থী সম্মিলন প্যানেলের আবদুর রশিদ জিতু।
আর সাধারণ সম্পাদক (জিএস) নির্বাচিত হয়েছেন শিবির-সমর্থিত সমন্বিত শিক্ষার্থী জোটের মাজহারুল ইসলাম।
ফলাফলে দেখা যায়, ২৫টি পদের মধ্যে ২০টিতেই জয় পেয়েছে শিবির-সমর্থিত সমন্বিত শিক্ষার্থী জোট। বাকি পদগুলোর মধ্যে দুটি বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদ (বাগছাস) ও দুটি স্বতন্ত্র থেকে নির্বাচিত।
উল্লেখ্য, ডাকসু নির্বাচনেও শিবির সমর্থিত প্যানেল থেকে এক দম্পতি বিজয়ী হয়েছে।
এস