উজিরপুর (বরিশাল) প্রতিনিধি: বরিশাল জেলার উজিরপুর উপজেলায় শারদীয় দুর্গাপূজা ২০২৫ উদযাপনকে ঘিরে নিরাপত্তা নিশ্চিতকরণ ও আইন শৃঙ্খলা পরিস্থিতি সমুন্নত রাখতে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (১৮ সেপ্টেম্বর) সকাল ১১টায় উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ আলী সুজার সভাপতিত্বে এ সভা অনুষ্ঠিত হয়। সভা সঞ্চালনা করেন উপজেলা সমাজসেবা কর্মকর্তা আবুল কালাম আজাদ।
সভায় বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মোঃ হুমায়ুন খান, উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি এস এম আলাউদ্দিন, উপজেলা জামায়াতে ইসলামীর আমীর মাওলানা মোঃ আব্দুল খালেক, পৌর বিএনপির সভাপতি মোঃ শহীদুল ইসলাম খান, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা আসমা বেগম, উজিরপুর মডেল থানার অফিসার ইনচার্জ আব্দুস সালাম, সেনাবাহিনীর কর্মকর্তা মারুফ হাসান, উপজেলা আনসার ভিডিপি কর্মকর্তা রহমতুল্লাহ বারী, পৌর ইসলামী আন্দোলন বাংলাদেশের সভাপতি মুফতি আব্দুল আজিজ এবং উপজেলা হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য ফ্রন্টের আহ্বায়ক শ্রী পলাশ কুণ্ড প্রমুখ।
বক্তারা বলেন, শারদীয় দুর্গোৎসবকে নির্বিঘ্ন, শান্তিপূর্ণ ও আনন্দমুখরভাবে উদযাপন করতে প্রশাসন, রাজনৈতিক দল, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এবং সব ধর্ম-বর্ণের মানুষের সমন্বিত সহযোগিতা প্রয়োজন।
রিপোর্টার্স ২৪/ প্রীতিলতা