রংপুর প্রতিনিধি : রংপুর সদর উপজেলা বিএনপির দ্বি-বার্ষিক সম্মেলন ২০২৪ উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (১৮ সেপ্টেম্বর ২০২৫) সকালে উপজেলা চত্বরে দিনব্যাপী এই সম্মেলনে নেতাকর্মীদের ভিড়ে পুরো এলাকা সরগরম হয়ে ওঠে।
সম্মেলনের উদ্বোধন করেন বিএনপির রংপুর বিভাগের সহ-সাংগঠনিক সম্পাদক অধ্যাপক মোঃ আমিনুল ইসলাম। প্রধান অতিথি ছিলেন একই পদে দায়িত্ব পালনকারী জনাব মোঃ আব্দুল খালেক এবং প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন রংপুর জেলা বিএনপির আহ্বায়ক মোঃ সাইফুল ইসলাম।
এছাড়া বিশেষ অতিথি ছিলেন জেলা বিএনপির সদস্য সচিব মোঃ আনিছুর রহমান লাকু, জেলা বিএনপির সদস্য মোঃ ফিরোজ আলম ও সদ্যপূরস্কূরনি ইউনিয়ন বিএনপির সভাপতি মোঃ হারুন-অর-রশীদ। সম্মেলনের সভাপতিত্ব করেন উপজেলা বিএনপির আহ্বায়ক এডভোকেট মোঃ শফি কামাল এবং সঞ্চালনা করেন উপজেলা বিএনপির সদস্য সচিব মোঃ আজহারুল ইসলাম চৌধুরী।
সম্মেলনে বক্তারা বলেন, দেশের মানুষ বিশেষ করে উত্তরাঞ্চলের কৃষকরা ফসলের ন্যায্য মূল্য থেকে বঞ্চিত হচ্ছেন। কৃষিনির্ভর এ অঞ্চলের মানুষের জীবনমান উন্নয়নে প্রয়োজন সুনির্দিষ্ট পরিকল্পনা ও বিকল্প উদ্যোগ। এজন্য গ্রামীণ পল্লি ও কুটির শিল্প গড়ে তোলার তাগিদ দেন তারা। বক্তারা অভিযোগ করেন, বর্তমান সরকারের ব্যর্থতার কারণে কৃষক ও শ্রমজীবী মানুষ আজ দুঃসহ পরিস্থিতির মধ্যে দিনযাপন করছে।
বক্তারা আরও বলেন, বিএনপি ক্ষমতায় এলে ধর্মকে রাজনৈতিক হাতিয়ার হিসেবে ব্যবহার করা হবে না। জনগণের অধিকার রক্ষাই হবে দলের প্রধান লক্ষ্য। তারা দাবি করেন, বাংলাদেশ পীর–আউলিয়ার দেশ, তাই রংপুরসহ সারা দেশের জনগণ ধানের শীষে ভোট দিয়ে প্রমাণ করবে—এই দেশ কারও ব্যক্তিগত সম্পত্তি নয়, এ দেশের মালিক জনগণ।
সম্মেলনে দিনব্যাপী নির্বাচনের মাধ্যমে রংপুর সদর উপজেলা বিএনপির নতুন নেতৃত্ব নির্বাচিত হয়। সভাপতি পদে নির্বাচিত হয়েছেন শাহ মোঃ মাসুদ রানা। সিনিয়র সহ-সভাপতি পদে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন মোঃ নওয়াব আলী। সাধারণ সম্পাদক পদে নির্বাচিত হয়েছেন মোঃ আমজাদ হোসেন (সরকার), যুগ্ম সাধারণ সম্পাদক পদে নির্বাচিত হয়েছেন মোঃ হারুন অর রশিদ এবং সাংগঠনিক সম্পাদক পদে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন মোঃ রাশেদুল হক জুয়েল।
সম্মেলনে উপস্থিত নেতৃবৃন্দ অঙ্গীকার করেন, জনগণের প্রত্যাশা পূরণে বিএনপি সব ধরনের আন্দোলন-সংগ্রাম চালিয়ে যাবে। প্রয়োজনে জীবন দিয়েও রংপুরসহ সমগ্র দেশের মানুষের অধিকার প্রতিষ্ঠা করা হবে বলে তারা দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন।
রিপোর্টার্স২৪/এসএন