গাজীপুর প্রতিনিধি: গাজীপুরের টঙ্গী ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশনের ফায়ার ফাইটার শামীম আহমেদ (৪০) অগ্নিদগ্ধ হয়ে মারা গেছেন।
গতকাল (২২ সেপ্টেম্বর) টঙ্গীর সাহারা মার্কেট এলাকায় একটি কেমিক্যাল গোডাউনের ভয়াবহ আগুন নিয়ন্ত্রণে দায়িত্ব পালনকালে কেমিক্যাল গোডাউনে বিস্ফোরনে তিনি দগ্ধ হন। পরে তাকে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউট হাসপাতালে ভর্তি করা হয়।
চিকিৎসাধীন অবস্থায় আজ মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) বিকেল ৩টায় তিনি মৃত্যুবরণ করেন বলে নিশ্চিত করেছেন ফায়ার সার্ভিসের কন্ট্রোল রুম কর্মকর্তা তালহা বিন জসিম।
আগুনে দগ্ধ হয়ে মারা যাওয়া শামীম আহমেদ ১৯৮৫ সালের ১৬ ফেব্রুয়ারি নেত্রকোনায় জন্মগ্রহণ করেন। ২০০৪ সালের ১৬ আগস্ট তিনি ফায়ার সার্ভিসে যোগ দেন। দীর্ঘ ২১ বছরের কর্মজীবনে তিনি বিভিন্ন দুর্ঘটনায় অসংখ্য মানুষের জীবন রক্ষায় অংশ নিয়েছেন। মৃত্যুকালে তিনি স্ত্রী ও ৩ সন্তান রেখে গেছেন।
ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের কর্মকর্তারা জানান, দায়িত্ব পালনকালে শামীম আহমেদের আত্মত্যাগ তাদের জন্য গভীর বেদনার হলেও দেশের মানুষের নিরাপত্তার স্বার্থে এ ধরনের ঝুঁকি তাদের পেশারই অংশ।
এদিকে নিহত ফায়ার ফাইটার শামীম আহমেদের সহকর্মীরা তার আত্মার মাগফিরাত কামনা করেছেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন।
রিপোর্টার্স ২৪/ প্রীতিলতা