শুভ্র মজুমদার,কালিহাতী(টাঙ্গাইল)প্রতিনিধি: কালিহাতীর পথে ঘাটে এখন উৎসবের ঢেউ। চারপাশে ছড়িয়ে পড়ছে আনন্দের আবেশ, ভরে উঠছে মানুষের হৃদয় এক অনন্য প্রত্যাশায়। প্রতিটি পূজামণ্ডপে যেন রঙতুলির জাদুতে ধীরে ধীরে জেগে উঠছে দেবীর নতুন রূপ। শিল্পীর হাতে তুলি কখনো কোমল, কখনো দৃঢ়, প্রতিটি আঁচড়ে ফুটে উঠছে মহামায়ার অবয়ব। লাল, নীল, সাদা, গোলাপী, সোনালি আর সবুজের মায়াবী ছোঁয়ায় মাটির প্রতিমা হয়ে উঠছে প্রাণময়। প্রতিটি রঙ যেন বলে দিচ্ছে অপেক্ষার প্রহর শেষ, আসছে মা, আসছে আনন্দের বার্তা।
দেবীর চোখে শিল্পীর শেষ আঁচড় পড়তেই যেন আলোকিত হয়ে ওঠে পরিবেশ। তার পাশে কার্তিক, গণেশ, লক্ষ্মী আর সরস্বতী ও মাতৃস্নেহে ভর করে নতুন সাজে সেজে উঠছেন। প্রতিটি প্রতিমা যেন মাটির সীমা পেরিয়ে হয়ে উঠছে শিল্পীর ভক্তি, ভালোবাসা আর হৃদয়ের গোপন সুরের প্রতিধ্বনি।
এবার কালিহাতী উপজেলায় দুটি পৌরসভা ও ১৩ টি ইউনিয়নে মোট ১৬৮ টি পূজামণ্ডপে অনুষ্ঠিত হচ্ছে শারদীয় দুর্গাপূজা। গ্রাম থেকে শহর, অলিগলি থেকে বড় মাঠ সবখানেই এখন রঙ, আলো আর মানুষের মিলনোৎসব। পূজার সাজসজ্জা শুধু মণ্ডপেই সীমাবদ্ধ নয়, এ যেন ছড়িয়ে পড়ছে প্রত্যেক মানুষের অন্তরে।
শিল্পীর সৃষ্টিতে দেবী দুর্গা আর কেবল মাটির প্রতিমা নন, তিনি হয়ে উঠছেন শক্তির প্রতীক, ভক্তির মূর্তি, আর আশার অক্ষয় দীপশিখা। কালিহাতীর প্রতিটি পূজামণ্ডপ তাই এখন যেন একসুরে আহ্বান জানাচ্ছে, এসো মা, আলো দাও দূর করো অন্ধকার।
উপজেলা পূজা উদযাপন ফ্রন্টের আহ্বায়ক প্রদীপ ব্যানার্জী নীরু জানান, ‘পূজা নির্বিঘ্নে সম্পন্ন করতে নিরাপত্তা জোরদার করা হয়েছে এবং প্রশাসন, আইনশৃঙ্খলা বাহিনী ও স্থানীয় জনগণের সম্মিলিত সহযোগিতায় এবারও কালিহাতী ভরে উঠবে আনন্দের উৎসবে।’
রিপোর্টার্স ২৪/ প্রীতলতা