রিপোর্টার্স২৪ ডেস্ক : প্রবারণা পূর্ণিমা উপলক্ষে প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেছেন বৌদ্ধ ধর্মীয় নেতৃবৃন্দের একটি প্রতিনিধি দল। রোববার (৫ অক্টোবর) রাজধানীর রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় এ সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।
বৈঠকে ধর্মীয় নেতারা প্রবারণা পূর্ণিমার তাৎপর্য তুলে ধরেন এবং প্রধান উপদেষ্টাকে শুভেচ্ছা ও অভিনন্দন জানান। তাঁকে বিহার পরিদর্শনের আমন্ত্রণও জানানো হয়।
বৌদ্ধদের জন্য রাজধানীর উত্তরায় শ্মশান স্থলে জায়গা বরাদ্দ করায় প্রধান উপদেষ্টার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন প্রতিনিধিরা। তারা বলেন, “ঢাকায় কারও মৃত্যু হলে আগে দূরবর্তী চট্টগ্রামে নিয়ে যেতে হতো। এখন একটি স্থায়ী ব্যবস্থা হয়েছে, যা ইতিহাসে দৃষ্টান্ত।”
বৈঠকে চলতি বছরের কঠিন চীবর দান উপলক্ষে প্রস্তুতি, ধর্ম মন্ত্রণালয় ও পার্বত্য চট্টগ্রাম মন্ত্রণালয়ের সহায়তা, তীর্থযাত্রার সরকারি ব্যবস্থাপনা, এবং অতীশ দীপঙ্করের নামে একটি জ্ঞানকেন্দ্র প্রতিষ্ঠার দাবি তোলা হয়।
এ সময় উপস্থিত ছিলেন ধর্মরাজিক বৌদ্ধ মহাবিহারের অধ্যক্ষ বুদ্ধপ্রিয় মহাথের, ভিক্ষু সুনন্দপ্রিয়, ভিক্ষু কল্যাণ জ্যোতি, ভবেশ চাকমা, স্বপন বড়ুয়া চৌধুরী, জয় দত্ত বড়ুয়া, প্রফেসর ড. সুকোমল বড়ুয়া, মং হলা চিং, সুশীল চন্দ্র বড়ুয়া, অধ্যাপক ববি বড়ুয়া, রুবেল বড়ুয়া ও রাজীব কান্তি বড়ুয়া।
এছাড়া ধর্ম উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেন এবং পার্বত্য চট্টগ্রাম বিষয়ক উপদেষ্টা সুপ্রদীপ চাকমাও বৈঠকে উপস্থিত ছিলেন।
রিপোর্টার্স২৪/ঝুম