সিনিয়র রিপোর্টার: গত ২৪ ঘণ্টায় রাজধানীর বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে নওগাঁ-৬ আসনের সাবেক এমপি মো. ওমর ফারুক সুমনসহ কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের ৫ নেতাকর্মীকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)।
গ্রেপ্তার হওয়া ব্যক্তিরা হলেন- নওগাঁ-৬ আসনের সাবেক এমপি ও নওগাঁ জেলা আওয়ামী লীগের ত্রাণ ও সমাজ কল্যাণ সম্পাদক মো: ওমর ফারুক সুমন (৪৭), ঢাকা মহানগর উত্তর ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি আবু নাঈম জুবের (২২), মিরপুর মডেল থানা ১২ নং ওয়ার্ড ছাত্রলীগ সহ-সভাপতি মো. তানভীর ইসলাম (৩০), দক্ষিণখান থানা আওয়ামী লীগের সাবেক সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক ও বিমানবন্দর থানা আওয়ামী লীগের ধর্ম বিষয়ক সম্পাদক সৈয়দ সাজ্জাদ হোসেন (৫৭) ও মতিঝিল টিএন্ডটি কলোনি ইউনিট যুবলীগের সাবেক সহ-সভাপতি মো: আমজাদ হোসেন রাজন (৪৪)।
বৃহস্পতিবার ডিবি সূত্রে জানা যায়, বুধবার সন্ধ্যা সাড়ে ৭টায় ডিবি মিরপুর বিভাগ রামপুরা থানার ডিআইটি রোড মালিবাগ এলাকা থেকে আবু নাঈম জুবেরকে ও রাত সাড়ে ১১টায় মিরপুর মডেল থানার মুক্ত বাংলা এলাকা থেকে মো. তানভীর ইসলামকে গ্রেপ্তার করে।
বুধবার সন্ধ্যায় ডিবি উত্তরা বিভাগের একটি টিম উত্তরা থানার কাওলা এলাকা থেকে সৈয়দ সাজ্জাদ হোসেনকে গ্রেপ্তার করে। একই দিন বিকেল সাড়ে ৩টায় মতিঝিল থানার শাপলা চত্ত্বর এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে মো: আমজাদ হোসেন রাজনকে গ্রেপ্তার করে ডিবি-মতিঝিল বিভাগ।
ডিবি সূত্রে জানা যায়, অপরদিকে বুধবার দিবাগত রাত আড়াইটায় ডিবি লালবাগ বিভাগ মোহাম্মদপুর থানা এলাকায় অভিযান চালিয়ে মো: ওমর ফারুক সুমনকে গ্রেপ্তার করে। গ্রেপ্তার হওয়া নেতাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।
রিপোর্টার্স২৪/এসসি