স্টাফ রিপোর্টার: প্রেম কিংবা বিয়ে—এক দশকের ক্যারিয়ারে ঢাকাই সিনেমার আলোচিত অভিনেত্রী পরীমনিকে জড়িয়ে গুঞ্জনের শেষ নেই। সিনেমায় ক্যারিয়ার গড়ার আগে খালাতো ভাই ইসমাইলকে বিয়ে করেছিলেন পরীমনি—বছরের পর বছর ধরে গুঞ্জনটা শোনা যায়, সামাজিক যোগাযোগমাধ্যমে দুজনের ছবিও ছড়িয়েছে। গত বছরের নভেম্বরে এক সড়ক দুর্ঘটনায় ইসমাইলের মৃত্যুর পর বিভিন্ন সংবাদমাধ্যমের খবরে বলা হয়, ইসমাইল পরীমনির প্রথম স্বামী। তবে ইসমাইলের সঙ্গে বিয়ে নিয়ে পরীমনিকে সরাসরি কোনো কথা বলতে দেখা যায়নি। মাছরাঙা টেলিভিশনের ‘বিহাইন্ড দ্য ফেইম উইথ আরআরকে’ অনুষ্ঠানে পরীমনি স্বীকার করেন, ইসমাইল তাঁর স্বামী ছিলেন।
এর বাইরে সিয়াম আহমেদ ও তরুণ গায়ক শেখ সাদীর সঙ্গে প্রেমের গুঞ্জন নিয়েও প্রশ্নের উত্তর দেন পরীমনি।
সিয়ামের সঙ্গে তোমার গুঞ্জন উঠল কেন? সঞ্চালক রুম্মান রশীদ খানের এমন প্রশ্নের উত্তরে পরীমনি বলেন, ‘আমি জানি না। বিশ্বাস করেন, এই একটামাত্র মানুষের সঙ্গে আমার সবচেয়ে কোজি রিলেশনশিপ (স্বস্তিদায়ক সম্পর্ক) আছে না, ওটাই আছে। সারাক্ষণ যে ফোনে কথা হয়, ওই রকমও না।’
শেখ সাদী তোমার বয়ফ্রেন্ড (প্রেমিক)? আরেক প্রশ্নের জবাবে পরীমনি হাসতে হাসতে বলেন, ‘ও আমার ছোট ভাই। ও আমার ছোট ভাইয়ের মতো।’ এ মুহূর্তে তুমি কি সিঙ্গেল? পরীমনি বলেন, ‘না।’ কারও সঙ্গে সম্পর্কে আছ? জানতে চাইলে পরীমনির উত্তর, ‘জানি না। শোনেন, আমি যদি নিজেকে সিঙ্গেল বলি, কেউ বিশ্বাস করবে না।’ কেন করবে না? ‘আমি নিজেই বিশ্বাস করি না। আমার সামহাউ সারাক্ষণ প্রেম প্রেম ফিল হয় এবং এটা থাকা ভালো।’
সঞ্চালক জানতে চান, তুমি কতবার বিয়ে করতে চাও? পরীমনি বলেন, ‘আমার না আসলে ১২টা বিয়ে করার (ইচ্ছা আছে)। ছোটবেলা থেকে আমি মজা করে বলতাম, আমি এক ডজন বিয়ে করব। এটা আসলে রিউমারটা (গুঞ্জন) এভাবে স্টাবলিশ (প্রতিষ্ঠিত) হবে, সেটা আমি বুঝিনি। তাহলে আমি কোনো দিনই বলতাম না।’
রিপোর্টার্স২৪/ধ্রুব