চবি রিপোর্টার : চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (চাকসু ) নির্বাচনে আজ বুধবার (১৫ অক্টোবর) সকাল ৯টা থেকে ভোট গ্রহণ শুরু হয়েছে। এই নির্বাচনকে কেন্দ্র করে ক্যাম্পসে দেখা গেছে উৎসবের পরিবেশ। সকাল ৮টা ২০ মিনিটে ক্যাম্পাসে ঢুকেছে দিনের প্রথম শাটল ট্রেন। যাত্রীদের সবার উদ্দেশ্য একটাই-চাকসু নির্বাচনে ভোট দেওয়া।
আজ শিক্ষার্থীদের যাতায়াতের সুবিধার্থে শাটল ট্রেন ১১ বার বিশ্ববিদ্যালয় ও নগরীর মধ্যে চলাচল করবে। পাশাপাশি চলবে ৩০টি বাস। নিউমার্কেট ও ষোলশহর থেকে বিশ্ববিদ্যালয়ের নিজস্ব ১০টি বাস ছাড়াও সকাল ১০টায় যুক্ত হবে আরও ৫টি অতিরিক্ত বাস। ক্যাম্পাস থেকে বিকেল ৩টা, ৪টা ও সাড়ে ৫টায় ফিরতি বাস ছেড়ে যাবে।
প্রথম শাটল ট্রেন থেকে নেমে আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের চতুর্থ বর্ষের শিক্ষার্থী উম্মে হুমাইরা বলেন, ‘৩৫ বছর পর আমাদের চাকসু নির্বাচন। এটা যেমন আমাদের জন্য গর্বের বিষয়, তেমনি আমরা যোগ্য প্রার্থী বেছে নিতে চাই।’
যোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের প্রথম বর্ষের শিক্ষার্থী পারমিতা চক্রবর্তী বলেন, ‘এত দিন ক্লাস-পরীক্ষার জন্য ক্যাম্পাসে আসতাম। আজ এলাম ভোটার হিসেবে ইতিহাসের সাক্ষী হতে।’
নির্বাচন ঘিরে বিশ্ববিদ্যালয় ও আশপাশের এলাকায় গড়ে তোলা হয়েছে কঠোর নিরাপত্তা বলয়। নিরাপত্তায় নিয়োজিত আছে বিশ্ববিদ্যালয়ের নিরাপত্তা শাখা, পুলিশ, র্যাব, ফায়ার সার্ভিস, রিজার্ভ ও স্ট্রাইকিং ফোর্স, গোয়েন্দা সংস্থা, বিএনসিসি ও রোভার স্কাউট। মাঠে থাকবেন পাঁচজন নির্বাহী ম্যাজিস্ট্রেট, ১ হাজার ৫০ জন পুলিশ সদস্য এবং র্যাবের সাইকেল ইউনিটের ৪০ জন সদস্য। প্রয়োজনে বিজিবি ও সেনাবাহিনীর সহায়তাও নেওয়া হতে পারে। প্রত্যেক ভোটারকে ভোট দেওয়ার আগে তিন স্তরের নিরাপত্তা তল্লাশি করা হচ্ছে।
রিপোর্টার্স২৪/এমবি