ঝিনাইদহ প্রতিনিধি : ঝিনাইদহের শৈলকুপায় চাঁদা না পেয়ে নির্মাণাধীন বসতঘর ভাংচুর ও ক্ষেতের ফসল নষ্টের অভিযোগ উঠেছে। উপজেলার ত্রিবেনী ইউনিয়নের পদমদী গ্রামে এ ঘটনা ঘটেছে। এ ঘটনায় থানায় সাধারণ ডায়েরি ও লিখিত অভিযোগ দিয়েছেন ভুক্তভোগী কামরুল হাসান।
লিখিত অভিযোগ সূত্রে জানা গেছে, মির্জাপুর ইউনিয়নের যোগীপাড়া গ্রামের রায়হান উদ্দিনের ছেলে কামরুল হাসান পার্শ্ববর্তী ত্রিবেনী ইউনিয়নের ১৬ নং পদমী মৌজায় আরএস খতিয়ান ২০৫ ও ২৩১ নং দাগে ৪.৯৯ শতাংশ জমি সাফ কাবলা দলিল মূলে প্রকৃত মালিকের কাছ থেকে ক্রয় করে বছর খানেক চাষাবাদের মাধ্যমে ভোগ করে আসছিলেন।
তার বসতবাড়ী দূরে হওয়ায় স্থানীয় সংঘবদ্ধ কিছু চাঁদাবাজ তার কাছে ৫০ হাজার টাকা চাঁদা দাবি করে। চাঁদা না দিলে জমির ফসল নষ্টসহ তাকে প্রাণনাশের হুমকি দেয়। উপায়ন্তু না পেয়ে কামরুল হাসান গত ২৭ আগষ্ট ২০২৫ তারিখে শৈলকুপা থানায় একটি সাধারণ ডায়েরি করেন। ডায়েরি নং-১৩৪১।
থানায় সাধারণ ডায়েরির খবর শুনে আরো বেশি উশৃঙ্খল হয়ে পড়ে চাঁদাবাজরা। পরবর্তীতে বসবাসের উদ্দেশ্যে উক্ত জমিতে টিনসেড ঘর নির্মাণ করতে গেলে গত ৪ অক্টোবর ২০২৫ তারিখ বিকেলে স্থানীয় চাঁদাবাজ দলের সদস্য হালিম, রুবেল, মহির, শহিদুল, মনিরুলসহ বেশ কয়েকজন এসে নির্মাণাধীন ঘর ভেঙে ফেলে।
এসময় জমির মালিক কামরুল ও ঘর নির্মাণ শ্রমিকদের ওপর হামলা করলে তারা সেখান থেকে দৌড়ে পালিয়ে প্রাণ বাঁচায়। পরবর্তীতে জমিতে থাকা ফসলে ঔষধ ছিটিয়ে নষ্ট করে ফেলেছে বলে লিখিত অভিযোগে উল্লেখ করা হয়েছে।
থানায় অভিযোগকারী কামরুল হাসান জানান, তিনি সকল প্রকার কাগজপত্র যাছাই-বাছাই করে পদমী মৌজায় ৪.৯৯ শতাংশ জমি কিনেছেন। কিন্তু স্থানীয় চাঁদাবাজদের টাকা না দিলে সেখানে চাষাবাদ ও ঘর নির্মাণ করতে দিচ্ছে না। তিনি জীবনের নিরাপত্তাহীনতায় ভুগছেন বলে জানান।
রিপোর্টার্স২৪/আরকে