সিনিয়র রিপোর্টার: স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী বলেন, হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের ই-গেট খুবই তাড়াতাড়ি খুলে দিচ্ছি। ই-গেট ইনস্টল হয়ে গেছে, হয়তো দু-চার দিনের মধ্যেই আমরা খুলে দেবো। পাসপোর্ট দেখিয়েই যেন যাত্রীরা ঢুকে যেতে পারেন। আর আমরা বলে দিয়েছি ই-পাসপোর্ট বা ইলেকট্রনিক পাসপোর্ট এই ডিসেম্বরের মধ্যে মোটামুটি বিদেশেরগুলো করে দেবো।
সোমবার (২০ অক্টোবর) সচিবালয়ে আইনশৃঙ্খলা সংক্রান্ত কোর কমিটির সভা শেষে এসব কথা জানান তিনি।
এ সপ্তাহের মধ্যে খুলে দেওয়া হবে কি না- এ বিষয়ে তিনি আরও বলেন, মোটামুটি। তবে এক্সাক্টলি বলতে পারবো না। তবে পাসপোর্টের ডিজি থাকলে বলতে পারতেন।
স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, আমরা শুধু সবসময় রেমিট্যান্সযোদ্ধা বলি। কিন্তু রেমিট্যান্সযোদ্ধা হিসেবে যে সম্মানটা পাওয়া দরকার, সেটা অনেক ক্ষেত্রে পায় না। এজন্য আপাতত তাদের পাসপোর্টের ফি কমিয়ে দেওয়া হবে।
কতটুকু কমানো হবে এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, দেশতো অনেকগুলো, সবার সঙ্গে আলোচনা করে কতটুকু কমানো যায় সেটা নির্ধারণ করবো। এছাড়া তারা বিমানে ভ্রমণ করে থাকে। বিমানে যাতে সার্ভিসটা ভালো পায় এবং বিমানবন্দরের আসার পরও যেন সার্ভিসটা ভালো পায় সেই চেষ্টা করবো।
বিমানের ভাড়া কমানো হবে কিনা জানতে চাইলে উপদেষ্টা বলেন, অবশ্যই চেষ্টা করবো। যেহেতু এটা কর্মাশিয়াল এবং প্রতিযোগিতারও বিষয় রয়েছে। বিমান লাভজনক পর্যায় থেকে যতটুকু সুবিধা দেয় যায় ততটুকুই তারা দেবে।
রিপোর্টার্স২৪/এসসি