এন্টারটেইনমেন্ট ডেস্ক: অভিনেত্রী সামান্থা রুথ প্রভু ব্যক্তিগত জীবনে নানা চড়াই উতরাই দেখলেও নিজের সত্যতা, স্বচ্ছতা দিয়ে জীবনকে করেছে অর্থবহ। অতীত, সাফল্য, ব্যক্তিগত জীবন, সংগ্রাম নিয়ে খোলামেলা আলোচনা করেছেন তিনি।
সম্প্রতি এনডিটিভি সামিট এর বক্তৃতায় তিনি তার জীবনের কঠিন সংগ্রাম থেকে শুরু করে সাফল্যের শীর্ষে পৌছানোর অভিজ্ঞতার কথা শেয়ার করেন।
সামান্থা বলেন কিভাবে প্রত্যেকটি বিষয় সত্যবাদী ও স্বচ্ছতা রাখার কারণে তার ব্যক্তিগত জীবন দর্শকদের কাছে একটি আলোচনার বিষয় হয়ে দাড়িয়েছিলো।
তিনি বলেন, ‘আমি বিশ্বাস করি যে সত্যতা একটি অবিচ্ছিন্ন যাত্রা, কোনও গন্তব্য নয়। আমি এমন বলছিনা আমার জীবনে সবকিছু ঠিক আছে বা আমি কোনো ভুল করি না। তবে আমি এটা বলার সাহস রাখি যে আমি নিখুঁত নই। আমিও হোঁচট খেতে পারি কিন্তু আমি সবসময় মানুষ হিসেবে নিজেকে আরো ভালো করার চেষ্টা করি।’
কিন্তু সবসময় সত্য থাকা যে সহজ নয় সেই বিষয়টি উঠে আসে তার বক্তব্যে। তিনি বললেন,‘আমার স্বচ্ছতার জন্য সকলেই আমার ব্যক্তিগত সংগ্রাম সর্ম্পকে অবগত ছিলেন। আমার অসুস্থতা, বিচ্ছেদ সবই যেনো সমালোচনার কেন্দ্রবিন্দু হয়ে উঠেছিলো। আমার যখন মায়োসাইটিস রোগ ধরা পড়ে সেটিও আমি ভক্তদের জানাই কারণ আমি সবসময় চেয়েছি মানুষ সত্যটা জানুক।’
স্বামী নাগা চৈতন্যের সাথে বিবাহ বিচ্ছেদ তাকে ব্যাপকভাবে সমালোচিত করেছিলো দেশব্যাপী। নাগা চৈতন্যের সাথে ২০২১ সালে তার বিবাহবিচ্ছেদ হয়। খবরটি মিডিয়ার উন্মাদনায় পরিণত হয়, যার ফলে অন্তহীন সমালোচনার শিকার হতে হয়েছে সামান্থাকে। কিন্তু অভিনেত্রী বলেন, ‘আমার স্বচ্ছতার জন্য মোটেও অনুতপ্ত নই, এটি আমার জীবনের অংশ যা আমি সহজভাবে গ্রহণ করার চেষ্টা করি।’
সামান্থা তার পারিবারিক সংগ্রাম নিয়েও কথা বলেন। তিনি একটি সাধারণ পরিবার থেকে এসেছে। যেখানে তিন বেলা খেতে পারাই বিশাল ব্যাপার ছিলো। এটি আমার বেড়ে ওঠার সংগ্রামের গল্প যা আমাকে পরিপূর্ণ সামান্থা করে।
সামান্থা রুথ প্রভু জীবনের প্রতিটি ধাপে নানা উথান-পতনের শিকার হলেও তিনি বাস্তবকে গ্রহণ করতে জানে। সফলতা মানেই তার কাছে নাম, যশ, খ্যাতি নয়। নিজের জীবনের সঠিক অর্থ খুঁজে পাওয়াই তার কাছে গুরুত্বপূর্ণ।
অভিনেত্রী পরবর্তীতে ‘রক্ত ব্রহ্মান্ড: দ্য ব্লাডি কিংডম’ শিরোনামের একটি ওয়েব সিরিজে অভিনয় করবেন। সামান্থা ‘মা ইন্তি বাঙ্গারাম’ নামে একটি আসন্ন তেলুগু ছবিও নিশ্চিত করেছেন।
রিপোর্টার্স২৪/ধ্রুব