কুড়িগ্রাম প্রতিনিধি : সাম্য, মানবিক মর্যাদা ও সামাজিক সুবিচার এই তিন মূলনীতির ভিত্তিতে অধিকার ভিত্তিক কল্যাণ রাষ্ট্র প্রতিষ্ঠার লক্ষ্যে কুড়িগ্রামে আমার বাংলাদেশ পার্টির (এবি পার্টি) সাধারণ সম্পাদক ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ এর পথ সভা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (২১ অক্টোবর) সকাল সাড়ে ১০টায় কুড়িগ্রামের রাজারহাট উপজেলার রাজারহাট বাজারে প্রথম দফায় এই পথসভা অনুষ্ঠিত হয়। পরে কুড়িগ্রাম সদরের ত্রিমোহনী বাজার ও ঘোষপাড়ায় দ্বিতীয় ও তৃতীয় দফায় এই পথ সভা অনুষ্ঠিত হয়।
পথ সভা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন, এবি পার্টির সাধারণ সম্পাদক ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ।
তিনি বলেন, "ফুলের মতো পবিত্র মানুষগুলোই আপনাদের ভাগ্য নিয়ে ছিনিমিনি খেলেছে। তারা সংসদে গিয়ে আপনাদের কথা ভুলে গেছে। কীঁটনাশক ও সার বিক্রির টাকায় আমার কৃষকের ভবিষ্যৎ বিক্রি করে দিয়েছে। চাউল ডালের ন্যায্য মূল্য নির্ধারণ না করতে পারার কারণে কুড়িগ্রামের কৃষকদের সম্মানিত জীবনযাপনের বদলে ঢাকা শহরের রিকশা চালকে পরিণত করেছে। আমি সেই সব কৃষক ভাইদেরকে বলতে চাই পুরাতন রাজনীতি ভুলে গিয়ে নতুন রাজনীতি করতে হবে।"
ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ আরও বলেন, "নতুন রাজনীতি অবশ্যই করতে হবে, যদি আপনারা আপনাদের ভাগ্য বদলাতে চান। কাজেই এটা আপনাদের ঠিক করতে হবে যে আপনারা আপনাদের অধিকার ফিরে পেতে চান। নাকি দাসত্বের জীবন চান। নাকি জিন্দাবাদের রাজনীতি চান। যদি আপনারা গুণ্ডাদেরকে নির্বাচিত করেন তাহলে সারাজীবন ভুগতে হবে বলেও জানান তিনি।"
রিপোর্টার্স২৪/আরকে