নাটোর প্রতিনিধি : নাটোরের লালপুরে জমিজমা সংক্রান্ত বিরোধের জেরে চাইনিজ কুড়াল দিয়ে বাবা-ছেলেকে কুপিয়ে জখম করার অভিযোগ উঠেছে প্রতিপক্ষের বিরুদ্ধে। বুধবার (২২ অক্টোবর) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে উপজেলার ওয়ালিয়া ইউনিয়নের ছোট ময়না গ্রামে এ ঘটনা ঘটে। আহতরা হলেন ওই গ্রামের আসলাম আলী ও তার ছেলে আসিক আলী।
স্থানীয় সূত্রে জানা গেছে, আসলামের প্রতিবেশী ইদ্রিস প্রামাণিকের সঙ্গে দীর্ঘদিন ধরে জমিজমা নিয়ে বিরোধ চলছিল। ঘটনার দিন সন্ধ্যায় দুই পক্ষের মধ্যে কথা কাটাকাটির এক পর্যায়ে ইদ্রিসের ছেলে চাইনিজ কুড়াল দিয়ে আসলাম আলীর পেট ও পায়ে কোপ দেন, এতে তিনি গুরুতর জখম হন। এ সময় আসলামের ছেলে আসিক আলীকেও মারধর করা হয়। পরে স্থানীয়রা আহতদের উদ্ধার করে লালপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন।
এ বিষয়ে ভুক্তভোগী আহত আসিক আলী একই এলাকার নাহারুল, নাজমুল ও ইদ্রিস আলীর নাম উল্লেখ করে লালপুর থানায় একটি অভিযোগ দায়ের করেন।
এ বিষয়ে লালপুর থানার ওসি মনিরুজ্জামান বলেন, ‘মারামারির ঘটনার অভিযোগ পাওয়ার পর আমি ঘটনাস্থলে গিয়েছি। দুই পক্ষের মধ্যে আগে থেকেই জমিজমা সংক্রান্ত ঝামেলা ছিল। তবে মূলত আজ রান্নাঘরের ধোঁয়া নিয়ে কথা কাটাকাটির এক পর্যায়ে এই ঘটনা ঘটে। তারা মূলত ভাই ভাই। তদন্ত সাপেক্ষে অভিযান চলছে।’
রিপোর্টার্স২৪/এসএন