মাদারীপুর প্রতিনিধি : লিবিয়া প্রবাসী রানা লস্করের কষ্টার্জিত প্রায় তিন কোটি টাকার সহায়-সম্পদ, বাড়ি, গাড়ি ও স্বর্ণালংকার আত্মসাতের অভিযোগ উঠেছে তার স্ত্রী নাজনীন আক্তার স্নিগ্ধার বিরুদ্ধে।
ভুক্তভোগী পরিবার জানায়, নড়াইলের কালিয়া উপজেলার হাড়িভাঙ্গা গ্রামের রানা লস্কর ২০২৩ সালে মাদারীপুর পৌরসভার ৭ নম্বর ওয়ার্ডের আতাউর রহমানের মেয়ে নাজনীন আক্তার স্নিগ্ধাকে বিয়ে করেন। বিয়ের পর স্ত্রীকে নিয়ে লিবিয়া যান তিনি। সেখানে স্ত্রীর নামে উপহার দেন দুটি প্রাইভেটকার, স্বর্ণালংকারসহ ঢাকার মিরপুর-১৪ ও ইব্রাহিমপুর এলাকায় দুটি ফ্ল্যাট।
কিন্তু বিয়ের এক বছর পর থেকেই দাম্পত্য জীবনে অশান্তি দেখা দেয়। স্বামীর অভিযোগ, স্নিগ্ধা নানা অজুহাতে তাকে হয়রানি করতে থাকেন এবং শেষ পর্যন্ত ২০২৫ সালের ১২ অক্টোবর ডিভোর্স পাঠিয়ে সব সম্পদ নিজের দখলে নেন। এরপর তিনি রানা লস্করের বাবা-মাকেও ঢাকার বাসা থেকে বের করে দেন বলে অভিযোগ করেন ভুক্তভোগী পরিবারের সদস্যরা।
স্থানীয়রা জানান, স্নিগ্ধা ও তার ভাই সোহাগ শুধু রানা লস্করই নন, এলাকার আরও কয়েকজনের সঙ্গেও প্রতারণা করেছেন। রুমা আক্তার নামে এক নারী বলেন, “একসময় স্নিগ্ধার পরিবারের খাবারের কষ্ট ছিল। আমার মাধ্যমেই রানার সঙ্গে তার পরিচয় হয়। এখন বুঝতে পারছি, তারা প্রতারণাকেই পেশা বানিয়েছে।”
ভুক্তভোগী রানা লস্কর বলেন, “স্ত্রীকে ভালোবেসে যা কিছু ছিল সব দিয়েছি। কিন্তু সে আমার বিশ্বাসের সুযোগ নিয়ে সব সম্পদ আত্মসাৎ করেছে। এখন আমি প্রশাসনের কাছে ন্যায়বিচার চাই।”
অভিযুক্ত নাজনীন আক্তার স্নিগ্ধার সঙ্গে ফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তার কোনো বক্তব্য পাওয়া যায়নি।
এ বিষয়ে মাদারীপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আদিল হোসেন বলেন, “এ ঘটনায় লিখিত অভিযোগ পেলে তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”
রিপোর্টার্স২৪/এসএন