রিপোর্টার্স২৪ ডেস্ক:কার্যক্রম নিষিদ্ধ ছাত্রলীগের পাঁচজন সক্রিয় নেতা-কর্মীকে রাজধানীর মোহাম্মদপুর থেকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশের উত্তরা বিভাগ। রবিবার বিকাল সাড়ে পাঁচটার দিকে কাদেরাবাদ হাউজিং এলাকায় বিশেষ অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।
ডিবি উত্তরা বিভাগের অতিরিক্ত উপকমিশনার (এডিসি) মো. হেলালউদ্দিন ভূঁইয়া বলেন, 'গোপন সংবাদের ভিত্তিতে আমাদের একটি চৌকস টিম অভিযান চালিয়ে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের পাঁচজন সক্রিয় সদস্যকে গ্রেপ্তার করে। তারা দীর্ঘদিন ধরে ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের ব্যানারে বিভিন্ন মিছিল ও কর্মসূচিতে অংশ নিচ্ছিল।'
গ্রেপ্তার ব্যক্তিদের সবাই মূলত ফেনীর দাগনভূঞা উপজেলার বিভিন্ন ইউনিয়নের বাসিন্দা। তারা কেউ ইউনিয়ন ও থানা পর্যায়ের ছাত্রলীগের নেতা, আবার কেউ কলেজ ও বিশ্ববিদ্যালয় পর্যায়ের সংগঠনের সঙ্গে যুক্ত ছিলো। জিজ্ঞাসাবাদে তারা নিষিদ্ধ সংগঠনের হয়ে একাধিকবার মিছিল-সমাবেশে অংশ নেওয়ার কথা স্বীকার করেছে বলে জানায় ডিবি।
অভিযান চলাকালে তাদের কাছ থেকে কিছু দলীয় পোষ্টার, লিফলেট ও ডিজিটাল ডিভাইস জব্দ করা হয়েছে বলে পুলিশ জানিয়েছে। গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়ার প্রস্তুতি চলছে।
রিপোর্টার্স২৪/সোহাগ