রিপোর্টার্স২৪ ডেস্ক : জুলাই-আগস্ট আন্দোলনের সময় কুষ্টিয়ায় সংঘটিত ছয়জনকে হত্যার ঘটনায় দায়ের করা মানবতাবিরোধী অপরাধ মামলায় আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবউল আলম হানিফসহ চারজনের বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ গঠনের শুনানি আজ অনুষ্ঠিত হচ্ছে।
সোমবার (২৭ অক্টোবর) আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২–এর চেয়ারম্যান বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বে তিন সদস্যের বিচারিক প্যানেলে এ শুনানি শুরু হওয়ার কথা রয়েছে। অন্য দুই সদস্য হলেন অবসরপ্রাপ্ত জেলা ও দায়রা জজ মো. মঞ্জুরুল বাছিদ এবং জেলা ও দায়রা জজ নূর মোহাম্মদ শাহরিয়ার কবীর।
বিচারিক কার্যক্রমের শুরুতেই হানিফসহ পলাতক চার আসামির বিরুদ্ধে আনিত সুনির্দিষ্ট অভিযোগগুলো প্রসিকিউশন উপস্থাপন করবে, এরপর তারা আনুষ্ঠানিকভাবে বিচারের আবেদন জানাবে। প্রসিকিউশনের পক্ষে জানানো হয়েছে, আসামিদের পক্ষে নিয়োগপ্রাপ্ত স্টেট ডিফেন্স আইনজীবীরা বক্তব্য না রাখলে, ট্রাইব্যুনাল পরবর্তী আদেশ বা সিদ্ধান্ত দিতে পারে।
গত ২৩ অক্টোবর ট্রাইব্যুনালের নির্দেশে হানিফসহ চারজনকে গ্রেপ্তার করে আদালতে হাজির করার কথা ছিল। তবে তারা পলাতক থাকায় ট্রাইব্যুনাল আইনানুযায়ী তাদের পক্ষে স্টেট ডিফেন্স আইনজীবী নিয়োগ করে এবং অভিযোগ গঠনের শুনানির জন্য আজকের দিন নির্ধারণ করে।
অন্য তিন আসামি হলেন—কুষ্টিয়া জেলা আওয়ামী লীগের সভাপতি সদর উদ্দিন খান, সাধারণ সম্পাদক আজগর আলী, এবং শহর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আতাউর রহমান আতা।
এর আগে, ১৪ অক্টোবর ট্রাইব্যুনাল এই চার আসামিকে হাজির হওয়ার নির্দেশ দিয়েছিল। কিন্তু তারা উপস্থিত না হওয়ায় দুটি জাতীয় দৈনিকে বিজ্ঞপ্তি প্রকাশের নির্দেশ দেন ট্রাইব্যুনালের চেয়ারম্যান বিচারপতি নজরুল ইসলাম চৌধুরী। ওইদিন প্রসিকিউশনের পক্ষে শুনানি করেন প্রসিকিউটর মিজানুল ইসলাম ও গাজী এমএইচ তামিম।
৬ অক্টোবর ট্রাইব্যুনাল হানিফসহ চারজনের বিরুদ্ধে আনা আনুষ্ঠানিক অভিযোগ আমলে নেয় এবং গ্রেপ্তারি পরোয়ানা জারি করে। তার আগের দিন, অর্থাৎ ৫ অক্টোবর, প্রসিকিউশন তাদের বিরুদ্ধে তিনটি সুনির্দিষ্ট অভিযোগ জমা দেয়—যার মধ্যে রয়েছে উসকানিমূলক বক্তব্য, ষড়যন্ত্র, এবং কুষ্টিয়ায় ছয়জনকে হত্যার অভিযোগ।
জুলাই–আগস্ট আন্দোলনের সময় কুষ্টিয়ায় ছয়জনকে হত্যা ও একাধিক আহতের ঘটনায় দায়ের হয় এ মামলা। পরবর্তীতে তদন্ত প্রতিবেদন জমা দেয় তদন্ত সংস্থা, যেখানে হাসানুল হক ইনু ও মাহবুবউল আলম হানিফসহ পাঁচজনের বিরুদ্ধে পৃথক দুটি মামলা নথিভুক্ত করা হয়।
রিপোর্টার্স২৪/ঝুম