শ্রীপুর (মাগুরা) প্রতিনিধি: মাগুরার শ্রীপুর উপজেলা সদরের বিভিন্ন বাজার এলাকায় সরকারি সড়ক ও ফুটপাত দখল করে গড়ে উঠেছিল অস্থায়ী দোকানপাট ও অবৈধ ব্যবসা প্রতিষ্ঠান। এর ফলে প্রতিদিন সৃষ্টি হতো তীব্র যানজট, ঘটতো দুর্ঘটনা, আর বাজারের সৌন্দর্য নষ্ট হচ্ছিল নিয়মিতভাবে।
এ সমস্যা নিরসনে একাধিকবার উপজেলা আইন-শৃঙ্খলা কমিটির সভায় আলোচনা হলেও বাস্তব কোনো পদক্ষেপ নেওয়া হয়নি। অবশেষে শ্রীপুর উপজেলা নির্বাহী অফিসার রাখী ব্যানার্জীর নির্দেশে রবিবার (২৬ অক্টোবর) দুপুরে শ্রীপুর থানার পুলিশ দখলমুক্ত অভিযান শুরু করে।
থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. ইদ্রিস আলীর নেতৃত্বে পরিচালিত এ অভিযানে সরকারি রাস্তা ও ফুটপাত থেকে অবৈধ স্থাপনা অপসারণ করা হয়। অভিযানে ওসি (তদন্ত) আবু বক্কার, থানার সেকেন্ড অফিসার জাহিদ হোসেনসহ পুলিশের অন্যান্য সদস্যরা অংশ নেন।
অভিযান শেষে ওসি ইদ্রিস আলী বলেন, ‘সরকারি রাস্তা ও ফুটপাত দখলমুক্ত রাখতে এ উদ্যোগ নেওয়া হয়েছে। এতে পরিবেশ হবে পরিচ্ছন্ন, আর পথচারীরা নির্বিঘ্নে চলাচল করতে পারবেন।’
স্থানীয় ব্যবসায়ী, পথচারী ও সুশীল সমাজের প্রতিনিধিরা পুলিশের এ উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন।
রিপোর্টার্স২৪/ প্রীতিলতা