রিপোর্টার্স ২৪ডেস্ক: দক্ষিণ কোরিয়ার বুসানে শীর্ষ বৈঠকের পর ‘চীনের সঙ্গে এক বছরের জন্য বাণিজ্য চুক্তি সম্পন্ন হয়েছে’ জানিয়ে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেন,‘আমাদের চুক্তি হয়ে গেছে। এই চুক্তি স্বয়ংক্রিয়ভাবে নবায়ন হবে।’
চুক্তির অংশ হিসেবে বিরল খনিজ সম্পর্কিত জটিল ইস্যুটিও সমাধান হয়েছে দাবি করে মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প জানান, চীনের ওপর আরোপিত শুল্ক ৫৭ শতাংশ থেকে কমিয়ে ৪৭ শতাংশ করা হচ্ছে।
আগামী এপ্রিলে ট্রাম্প চীন সফরে যাবেন বলে জানিয়েছেন। এর পরবর্তী কোনো সময়ে প্রেসিডেন্ট শি জিনপিং যুক্তরাষ্ট্র সফর করবেন। বৈঠক শেষে ট্রাম্প মন্তব্য করেন, ‘বৈঠকটি ছিল অসাধারণ। আমরা অনেক গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিয়েছি।’
এর আগে বৃহস্পতিবার (৩০ অক্টোবর) বুসানে দ্বিপক্ষীয় বৈঠকে বসেন ডোনাল্ড ট্রাম্প ও শি জিনপিং। ট্রাম্পের সঙ্গে হাত মেলানোর সময় শি বলেন, ‘আপনাকে আবার দেখে খুবই ভালো লাগছে।’ তিনি আরও বলেন, ‘আপনার পুনর্নির্বাচনের পর আমরা ফোনে তিনবার কথা বলেছি, একে অপরকে বেশ কয়েকটি চিঠি পাঠিয়েছি এবং সবসময় ঘনিষ্ঠ যোগাযোগ বজায় রেখেছি।’
চীনা প্রেসিডেন্ট বলেন, ‘আমাদের দুই দেশের ভিন্ন জাতীয় বাস্তবতা রয়েছে। ফলে সব বিষয়ে একই দৃষ্টিভঙ্গি থাকার কথা নয়।’
রিপোর্টার্স২৪/এসসি