রিপোর্টার্স২৪ ডেস্ক: চট্টগ্রামে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে হোয়াইটওয়াশ নিশ্চিত হওয়ার পর হতাশা ও ক্ষোভে ফেটে পড়েছিলেন বাংলাদেশের সমর্থকরা। শুক্রবার (৩১ অক্টোবর) বীরশ্রেষ্ঠ মতিউর রহমান স্টেডিয়ামে শেষ টি-টোয়েন্টি জুড়ে ‘ভুয়া, ভুয়া’ স্লোগান ও কিছু খেলোয়াড়ের নাম ধরে দুয়োধ্বনি শোনা গেছে।
ওয়েস্ট ইন্ডিজের প্রধান কোচ ও সাবেক বিশ্বকাপজয়ী অধিনায়ক ড্যারেন স্যামি জানান, বাংলাদেশের সমর্থকদের এমন আচরণ মোটেও ভালো লাগেনি। তিনি বলেন,নিজেদের খেলোয়াড়দের যেভাবে তারা ট্রিট করল, সেটা আমার ভালো লাগেনি। শুনলাম তারা ‘ভুয়া, ভুয়া’ বলছে। প্রতিটি খেলোয়াড় মাঠে সেরাটা দেওয়ার চেষ্টা করে। তাদের হেয় না করে বরং সমর্থন দিন—এটাই একজন প্রকৃত ভক্তের কাজ।
স্যামি আরও উল্লেখ করেন, ভালো সমর্থন ও প্রেরণা দিলে বাংলাদেশ দল আরও ভালো করতে পারবে। শুক্রবারের ম্যাচে বাংলাদেশ ১৫১ রানের টার্গেট দিয়েও হেরেছে ৫ উইকেটে; ১৯ বল বাকি থাকতে জয় তুলে নিয়েছে ওয়েস্ট ইন্ডিজ। আগের দুই ম্যাচের মতো এ দিনও স্বাগতিকরা ব্যাটিং ব্যর্থতায় ভুগেছে।
এতে নতুন করে আলোচনায় এসেছে বাংলাদেশের ক্রিকেট কাঠামো ও সমর্থক সংস্কৃতি। ভালো করলে প্রশংসা, ব্যর্থ হলে গালাগাল—এই চক্র যেন ক্রিকেট জাতির অস্থিরতার প্রতিফলন।
রিপোর্টার্স২৪/ঝুম