রিপোর্টার্স২৪ ডেস্ক : জামায়াতের নায়েবে আমির সৈয়দ আবদুল্লাহ মো. তাহের বলেছেন, রাজনৈতিক দলগুলোর মধ্যে আলোচনার জন্য প্রধান উপদেষ্টার আহ্বান ইতিবাচক, তবে সরকার যদি নিজ উদ্যোগী না হয়, তবে রেফারির ভূমিকা নিয়ে প্রশ্ন উঠবে।
সোমবার (৩ নভেম্বর) আট দলের সঙ্গে বৈঠকের পরে যৌথ সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন। এ সময় দলগুলোর নেতারা আগামী জাতীয় নির্বাচনের আগে গণভোটের দাবিও পুনর্ব্যক্ত করেন এবং সমাবেশ ও গণমিছিলের নতুন কর্মসূচি ঘোষণা করেন।
দাবি আদায়ে পরবর্তী করণীয় ঠিক করতে রাজধানীর পুরানা পল্টন এলাকায় বাংলাদেশ খেলাফত মজলিসের কার্যালয়ে জরুরি সভা করেন আন্দোলনরত দলগুলোর প্রতিনিধিরা। সভা শেষে যৌথ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।
সৈয়দ আবদুল্লাহ মো. তাহের বলেন, উচ্চকক্ষে পিআরের ব্যাপারে আট দলের সবাই, জনগণ ও সরকার একমত। জুলাই সনদ বাস্তবায়ন না হলে এই চাওয়া পূরণ হবে না। প্রধান উপদেষ্টার আহ্বানে অন্যরা সাড়া দিলে আমরাও আলোচনা বসতে রাজি। তিনি আরও বলেন, যদি উপদেষ্টা পরিষদ কিছু না করে আমাদের ওপরই ছেড়ে দেয়, তবে রেফারির দায়িত্ব পালন করবে কে?
তাহের উল্লেখ করেন, রাজনৈতিক দলগুলোর মধ্যে আলোচনা ও একমত হওয়ার বিষয়ে উপদেষ্টা পরিষদের সিদ্ধান্তকে স্বাগত জানাই। তবে এই বিষয়ে সরকারকে রেফারির ভূমিকা পালন করতে হবে। সমমনা আট দল সব রাজনৈতিক দলের সঙ্গে আলোচনা করতে চায়।
তিনি আরও বলেন, বিএনপির একেক নেতা এক একটা বক্তব্য দিয়ে বিভ্রান্তি ছড়ানো । জাতীয় নির্বাচনের দিনে গণভোট হলে সেই ভোটের কোনো মূল্যায়ন থাকবে না। বিএনপির একেকজন সংস্কার নিয়ে একেক রকম বক্তব্য দিচ্ছেন, তাই সনদের জন্য গণভোট অপরিহার্য।
বাংলাদেশ খেলাফত মজলিসের আমির মো. মামুনুল হক জানান, আন্দোলনের পাঁচ দফা অব্যাহত থাকবে। জাতীয় নির্বাচনের আগে জুলাই সনদের টেকসই আইনি ভিত্তির লক্ষ্যে অবশ্যই গণভোট হতে হবে। তিনি জানান, সংশোধিত আরপিও আর সংশোধনের সুযোগ নেই। আগামী বৃহস্পতিবার (৬ নভেম্বর) সকাল ১১টায় প্রধান উপদেষ্টা বরাবর স্মারকলিপি দেওয়ার জন্য গণমিছিল করা হবে। দাবি আদায় না হলে ১১ নভেম্বর সমাবেশ অনুষ্ঠিত হবে।
একই অনুষ্ঠানে ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির মুফতি সৈয়দ রেজাউল করীম বলেন, জুলাই সনদ আইনি ভিত্তি না পেলে পরবর্তী নির্বাচন বৈধতা পাবে না। একই দিনে গণভোট ও নির্বাচন হলে জুলাই সনদের বাস্তবায়ন হুমকির মুখে পড়বে। ইতিহাসে একই দিনে গণভোট ও নির্বাচন হওয়ার নজির নেই।
তিনি আরও যোগ করেন, আমরা জাতীয় ইস্যুতে একসঙ্গে আছি, কিন্তু অনেকে বলছে জামায়াতের নেতৃত্বে জোট করছি এটা ঠিক নয়।
রিপোর্টার্স২৪/ঝুম