স্টাফ রিপোর্টার: রাজধানীর উত্তরা থেকে বৈষম্যবিরোধী মামলার আসামি আওয়ামী লীগ নেতা ডা. খন্দকার রাহাত হোসেনকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। গ্রেপ্তার রাহাত হোসেন আওয়ামী লীগের প্রভাবশালী নেতা ও সাবেক মন্ত্রী আমির হোসেন আমুর খালাতো ভাই এবং শেখ হাসিনা ও তার পরিবারের খুবই আস্থাভাজন ছিলেন বলে জানিয়েছে পুলিশ।
বৃহস্পতিবার (২২ মে) বিকেল ৩টা ৪৫ মিনিটে উত্তরা এক নম্বর সেক্টরে তার নিজ বাসা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
ডিবি সূত্রে জানা গেছে, গত ১১ ফেব্রুয়ারি রাহাত হোসেনের বিরুদ্ধে রামপুরা থানায় একটি হত্যা চেষ্টা মামলা হয়। বৈষম্যবিরোধী ওই মামলার এজাহারনামীয় ৩২ নাম্বার আসামি তিনি। মামলার পর থেকে তিনি পলাতক ছিলেন। গোয়েন্দা তথ্যের ভিত্তিতে উত্তরায় অভিযান চালিয়ে ডিবি তাকে গ্রেপ্তার করে।
জানা গেছে, জুলাইয়ে ছাত্র-জনতার আন্দোলন চলাকালে গত ২২ জুলাই রামপুরা ব্রিজ ও পুলিশ বক্স সংলগ্ন এলাকায় অবস্থান নিয়ে কর্মসূচি পালন করছিল ছাত্র-জনতা। পরে সেখানে আওয়ামী লীগ ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা আন্দোলনরতদের ওপর হামলা করে। এতে অনেকে আহত হন। এদের মধ্যে জহিরুল ইসলাম নামের একব্যক্তি গুরুতর আহত হন। পরে ১১ ফেব্রুয়ারি তিনি রামপুরা থানায় মামলা করেন।
এডিসি মো. হেলালউদ্দিন ভূইয়া জানান, সরকার বিরোধী কর্মকাণ্ডের সঙ্গে জড়িত ছিলেন আওয়ামী লীগের কট্টরপন্থী নেতা রাহাত হোসেন। তার বাড়ি বরিশালের কোতোয়ালি থানা এলাকায়। তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলে জানান ডিবির এই কর্মকর্তা।
রিপোর্টাস২৪/এসএমএন