লালমনিরহাট প্রতিনিধি : আওয়ামী লীগ ও জাতীয় পার্টি (জাপা) থেকে বিএনপিতে যোগ দিয়েছেন লালমনিরহাট সদর উপজেলার নয়টি ইউনিয়ন পরিষদের ৫৬ জন ইউপি সদস্য।
শনিবার (৮ নভেম্বর) রাত ৮টার দিকে জেলা পরিষদ মিলনায়তনে এক মতবিনিময় সভা শেষে তারা কেন্দ্রীয় বিএনপি রংপুর বিভাগীয় সাংগঠনিক সম্পাদক ও জেলা বিএনপির সভাপতি অধ্যক্ষ আসাদুল হাবিব দুলুর হাতে ফুলেল শুভেচ্ছা জানিয়ে বিএনপিতে যোগ দেন।
এর আগে গত ২০ অক্টোবর মহেন্দ্রনগর ইউনিয়ন পরিষদে অনুষ্ঠিত এক সভায় তারা আওয়ামী লীগ ও জাপা থেকে পদত্যাগের ঘোষণা দেন।
যোগদান অনুষ্ঠানে বিএনপির নবাগত সদস্যদের হাতে সদস্য কার্ড ও দলীয় প্রতীক ‘ধানের শীষ’ সংবলিত ছাতা তুলে দেওয়া হয়।
অনুষ্ঠানে অধ্যক্ষ আসাদুল হাবিব দুলু বলেন, আপনাদের এই যোগদান শুধু রাজনৈতিক দল পরিবর্তন নয়, গণতন্ত্রের মুক্তির আন্দোলনে নতুন দিগন্তের সূচনা।
তিনি আরও বলেন, আপনারা তৃণমূলের জনগণের প্রতিনিধি। আপনাদের যোগদান প্রমাণ করে মানুষ পরিবর্তন চায়, স্বাধীন ভোটাধিকার ও গণতন্ত্রের মুক্তি চায়।
মতবিনিময় সভায় জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক এ কে এম মমিনুল হক, পৌর বিএনপির সাধারণ সম্পাদক আব্দুস সালামসহ সদর উপজেলার নয় ইউনিয়নের বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
রিপোর্টার্স২৪/আরকে