রিপোর্টার্স২৪ ডেস্ক: ঢাকাই চিত্রনায়িকা বিদ্যা সিনহা মিমের জন্মদিন আজ (১০ নভেম্বর)। সাধারণত প্রতিবারই এই বিশেষ দিনটি তিনি পরিবারের সঙ্গে উদযাপন করেন। তবে এবারের জন্মদিনের আগের দিন নিজেকে ভিন্ন রূপে, ভিন্ন আবহে দেখা দিলেন নায়িকা।
মিমের পরিচয় শুধু অভিনয় বা মডেলিংয়ে সীমাবদ্ধ নয়। তিনি একজন সত্যিকারের ভ্রমণকন্যা। চিরচেনা ক্যারিয়ারকে ছাড়িয়ে দেশ-বিদেশের নানা স্থানে ঘুরে বেড়াতে পছন্দ করেন তিনি। জন্মদিনের উদযাপনের আগে, গতকাল রোববার (৯ নভেম্বর) কিছু ছবি শেয়ার করেন মিম, যা দেখায় কক্সবাজার সমুদ্র সৈকতে কাটানো তার আনন্দময় মুহূর্ত।
ফেসবুকে পোস্ট করা ছবিগুলোতে দেখা যায়, গোলাপি পোশাকে সমুদ্র, রোদ আর আকাশের মিশেলে অনন্য সৌন্দর্যে মুগ্ধ করছেন নায়িকা। সৈকতের হাওয়া আর সূর্যাস্তের আভায় তার নির্মল হাসি যেন সুখ ও শান্তির গল্প বয়ে আনে।
২০০৭ সালে লাক্স চ্যানেল আই সুপারস্টার নির্বাচিত হওয়ার পর চলচ্চিত্রে পা রাখেন মিম। দেড় যুগে তার ব্যস্ততা বেড়েছে চলচ্চিত্র, টিভি নাটক ও মডেলিংয়ে। জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত এই অভিনেত্রী সংসার জীবন সামলানোর পাশাপাশি ক্যারিয়ারের প্রতি অনন্য দায়িত্বশীলতা দেখিয়ে চলেছেন।
কিছুদিন ধরে বড় পর্দায় অনুপস্থিত থাকলেও মডেলিং, ভ্রমণ ও রিমার্ক-হারল্যান ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে কাজ করছেন মিম। সর্বশেষ আলোচিত এবং সফল কাজ হিসেবে উল্লেখযোগ্য রায়হান রাফির ‘পরাণ’।
আজ জন্মদিনের দিনটিতে পরিবার ও ভক্তদের ভালোবাসায় ঘেরা মিম যেন নতুন উদ্যমে শুরু করছেন নতুন বছরের অধ্যায়।
রিপোর্টার্স২৪/ঝুম