রিপোর্টার্স২৪ ডেস্ক : বলিউডের সুপরিচিত দম্পতি অজয় দেবগন ও কাজল ২৬ বছরের বেশি সময় ধরে একসাথে কাটানো তাদের বৈবাহিক জীবন নিয়ে সম্প্রতি খোলামেলা মন্তব্য করেছেন। বিশেষত বিয়ে ও ভালোবাসার মান নিয়ে তাদের মন্তব্য আলোচনায় এসেছে।
দে দে পেয়ার দে ২ ছবির প্রচারণার সময় এক শো-এ ইউটিউব চ্যানেলকে দেওয়া সাক্ষাৎকারে অজয় দেবগন বলেন, আমার দৃষ্টিতে ‘ভালোবাসা’ শব্দটি আজকাল অনেক হালকা হয়ে গেছে। শব্দটি এত বেশি ব্যবহৃত হচ্ছে যে এর আসল অর্থ প্রায় হারিয়ে গেছে। আমাদের প্রজন্মে ‘আমি তোমায় ভালোবাসি’ বলা একটা বড় বিষয় ছিল। কিন্তু এখনকার মানুষ এই শব্দের গভীরতা বোঝে না।
শো-এর উপস্থাপক মাধবন মন্তব্য করেন, আমি চাই নতুন প্রজন্মও সেই গভীর ভালোবাসার অনুভূতি বুঝুক। এক সময় প্রিয়জনের সঙ্গে থাকা মানেই এক ধরনের পরিতৃপ্তি পাওয়া। ভালোবাসার অনেকটাই আমরা পোষা প্রাণীর প্রতি স্নেহের মাধ্যমে অনুভব করি।
অজয় দেবগন আরও যোগ করেন, এই ধরনের নিঃস্বার্থ ভালোবাসা মানুষের মধ্যে সম্ভব নয়। পোষা প্রাণীর প্রতি আমাদের ভালোবাসা অন্যরকম, কারণ তারা বিনিময়ে কিছুই চায় না।
অন্যদিকে, কাজল তার শো ‘টু মাচ উইথ কাজল’এর এক পর্বে বলেন, বিয়েরও একটি মেয়াদ থাকা উচিত, যাতে কেউ যদি কষ্টে থাকে, সহজেই সম্পর্ক থেকে বেরিয়ে আসতে পারে। তিনি আরও বলেন, কে বলতে পারে আপনি ঠিক সময়ে ঠিক মানুষকে বিয়ে করছেন? তাই বিয়েতে নবায়নের অপশন থাকা উচিত। এতে কাউকে অপ্রয়োজনীয় কষ্ট নিতে হবে না।
আগে কাজল মজার ছলে বলেছিলেন, দীর্ঘস্থায়ী দাম্পত্য জীবনের রহস্য হলো, আংশিক বধিরতা ও যা দরকার নেই তা ভুলে যাওয়া। অজয় কাজলের খোলামেলা আলোচনা সামাজিক মাধ্যমে নেটিজেনদের মধ্যে বিভিন্ন প্রতিক্রিয়া তৈরি করেছে। একদিকে কেউ প্রশংসা করছেন তাদের স্বচ্ছতার জন্য, অন্যদিকে সম্পর্ক ও ভালোবাসার মান নিয়ে আলোচনা নতুন দৃষ্টিভঙ্গি উন্মোচন করেছে।
রিপোর্টার্স২৪/ঝুম