রিপোর্টার্স২৪ ডেস্ক: কাজের জন্য বর্তমানে সৌদি আরবের রিয়াদে অবস্থান করছেন জনপ্রিয় চলচ্চিত্র অভিনেত্রী প্রার্থনা ফারদিন দীঘি। সেখানে হোটেলের রুমে দীঘির অনুপস্থিতিতে এক পরিচ্ছন্নতাকর্মী একটি চিঠি রেখে যান। প্রিয় তারকার সঙ্গে দেখা করার আকাঙ্ক্ষা প্রকাশ করা সেই চিঠি দেখে দীঘি রীতিমতো আবেগাপ্লুত হয়েছেন।
সৌদি আরবের রাজধানী রিয়াদে চলমান ষষ্ঠ ‘রিয়াদ সিজন’-এর অংশ হিসেবে ১১ নভেম্বর থেকে শুরু হয়েছে ‘বাংলাদেশ কালচার’ পর্ব। এই আন্তর্জাতিক আয়োজনে মঞ্চ মাতানোর কথা রয়েছে দীঘির। এছাড়াও শিল্পী আসিফ আকবর ও মনির খানও সেখানে অংশগ্রহণ করছেন।
গত বৃহস্পতিবার (১৩ নভেম্বর) দীঘি তার ফেসবুক অ্যাকাউন্টে পরিচ্ছন্নতাকর্মীর লেখা চিঠিটি প্রকাশ করেন। চিঠিতে লেখা ছিল, “আপু, আপনার সঙ্গে দেখা করতে পারব?”
দীঘি সামাজিক মাধ্যমে লিখেছেন, “সকালে হোটেল থেকে বের হওয়ার সময় রিসেপশনে বলেছিলাম আমার রুমটা পরিষ্কার করে রাখতে। অনেক কেনাকাটা করে রুমে ঢুকতে দেখি টেবিলে একটা ছোট চিরকুট রাখা। সম্ভবত যিনি রুম ক্লিন করেছিলেন, তিনি বাঙালি। ডিজিটাল যুগে কেউ এভাবে একটু দেখা করতে চাচ্ছে, বিষয়টি খুব মিষ্টি লাগলো।”
তিনি আরও বলেন, “এই নোটের মাধ্যমে আবারও নতুন করে উপলব্ধি করলাম, ভালোবাসা এখনও চিঠিতে বসবাস করে। আমার এমন ভক্তদের জন্য নিজেকে আজীবন পায়ে দাঁড়াতে হবে। তাদের ভালোবাসা আজীবন চলমান থাকুক।”
দীঘির পোস্টে মডেল ও অভিনেত্রী বারিশা হক মন্তব্য করেছেন, “অবশ্যই দেখা করা উচিত।” এছাড়াও অগণিত ভক্ত-অনুরাগীরা তাদের ভালোবাসা ও শুভকামনা জানিয়ে মন্তব্য করেছেন।
রিপোর্টার্স২৪/আয়েশা