রিপোর্টার্স২৪ ডেস্ক : বহুদিন পর নতুন ছবি ‘রঙ্গনা’দিয়ে বড় পর্দায় ফেরার প্রস্তুতি নিচ্ছিলেন ঢালিউডের জনপ্রিয় অভিনেত্রী শাবনূর। কিন্তু ছবিটির কিছু অসম্পূর্ণ দৃশ্য প্রেক্ষাগৃহে মুক্তির আগেই ইউটিউবসহ সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়ায় ক্ষুব্ধ হয়েছেন তিনি। প্রযোজনা সংস্থার এমন অপেশাদার আচরণের কারণে তিনি গভীরভাবে মর্মাহত বলে জানিয়েছেন।
শুক্রবার (১৪ নভেম্বর) নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দীর্ঘ এক স্ট্যাটাসে শাবনূর ক্ষোভ প্রকাশ করে লেখেন, আমি বড় পর্দার অভিনেত্রী। আমার কাজ ইউটিউবে ফ্রিতে দেখানোর জন্য নয়। যদি আগে জানতাম এটি সিনেমাহলে মুক্তি পাবে না, তবে কখনোই এমন প্রজেক্টে কাজ করতাম না।
২০২৪ সালের ফেব্রুয়ারিতে রঙ্গনা-এর মহরত অনুষ্ঠিত হয়। ভক্তদের উচ্ছ্বাস ও প্রত্যাশা দেখে শাবনূরও আশাবাদী ছিলেন। মহরতের পর ছবিটির কিছু অংশের শুটিংও সম্পন্ন হয়। কিন্তু নানা জটিলতায় ছবির কাজ অসম্পূর্ণ থাকে। তার সঙ্গে কথা ছিল, দেশে ফিরে ডিসেম্বরেই বাকি অংশের শুটিং শেষ করবেন। কিন্তু এর আগেই অনুমতি ছাড়াই ছবির বিভিন্ন অসম্পূর্ণ ক্লিপ ইউটিউব ও ফেসবুকে প্রকাশ করায় হতবাক হন এই নায়িকা।
তিনি আরও লিখেছেন, আমি কখনো বলিনি ছবিতে আর কাজ করব না। তাহলে কেন আমার অনুমতি ছাড়া ফুটেজ প্রকাশ করা হলো? এখন বলছে। পুরনো সব দৃশ্য বাদ দিয়ে নতুন করে শুটিং হবে। এটি কোনোভাবেই গ্রহণযোগ্য নয়।
শাবনূর আরও অভিযোগ করেন, প্রযোজকরা শুরু থেকেই অপেশাদার আচরণ করছেন। কাজ শুরুর পরই নিম্নমানের পোস্টার প্রকাশ করা হয়, যা সমালোচনার ঝড় তোলে। শুটিং ইউনিটে ছিল অব্যবস্থাপনা, বিদেশে শুটিং ও সম্পাদনার প্রতিশ্রুতিও রক্ষা করা হয়নি। তথ্য দেন অভিনেত্রী ঘটনায় ব্যক্তিগত সুনাম ও দীর্ঘদিনের পেশাগত মর্যাদা ক্ষুণ্ণ হয়েছে বলে। শাবনূর বলেন, এটি শুধু আমার ক্ষতি নয়, পুরো চলচ্চিত্র শিল্পের জন্যও হতাশাজনক ঘটনা।
রিপোর্টার্স২৪/ঝুম