নারায়ণগঞ্জ প্রতিনিধি: : নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের ৪ নম্বর ওয়ার্ডের সিদ্ধিরগঞ্জের শিমরাইল মোড়ে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের পাশে পার্কিং করে রাখা একটি যাত্রীবাহী মিনিবাসে হঠাৎ আগুন লাগার ঘটনা ঘটেছে। শনিবার (১৫ নভেম্বর) সকাল ৬টার দিকে সড়ক ও জনপথ (সওজ) বিভাগের অফিসের সামনে দাঁড়িয়ে থাকা নাফ পরিবহনের মিনিবাসটিতে আগুন দেখা যায়।
স্থানীয়রা দ্রুত ফায়ার সার্ভিসে খবর দিলে, অল্প সময়ের মধ্যেই ফায়ার সার্ভিসের দল ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে। আগুন লাগার সময় বাসটিতে কেউ না থাকায় কোনো হতাহতের ঘটনা ঘটেনি। তবে আগুনে বাসের সিট, কাচ, ইলেকট্রিক লাইনসহ ভেতরের বেশিরভাগ অংশ পুড়ে যায়।
সিদ্ধিরগঞ্জ থানা সূত্রে জানা গেছে, চালক শুক্রবার রাত ১০টার দিকে বাসটি সেখানে পার্কিং করে রেখে যান। পরদিন সকালে হঠাৎ আগুন লাগে। তবে আগুনের কোনো দৃশ্যমান উৎস কেউ দেখেনি।
শিমরাইল হাইওয়ে পুলিশের ইনচার্জ (টিআই) জুলহাস উদ্দিন জানান, নৈশপ্রহরী বাবু জানিয়েছেন তিনি প্রকৃতির ডাকে সাড়া দিতে পাশে গেলে ফেরার পর দেখেন বাসে আগুন ধরে গেছে। আগুনের কারণ স্পষ্ট নয়। এটি যান্ত্রিক ত্রুটি নাকি নাশকতা—তা এখনো নিশ্চিত হওয়া যায়নি।
সিদ্ধিরগঞ্জ থানার ওসি মোহাম্মদ শাহিনূর আলম বলেন, অগ্নিকাণ্ডের উৎস খুঁজে বের করতে তদন্ত চলছে। প্রয়োজনীয় তথ্য-প্রমাণ সংগ্রহ করা হচ্ছে।
রিপোর্টার্স২৪/ঝুম