রিপোর্টার্স২৪ ডেস্ক: রাজধানীর মিরপুরের ১৪নং সেকশনে জুলাই আন্দোলনে শহীদ ৮০৪ পরিবারের জন্য স্থায়ী ফ্ল্যাট নির্মাণের প্রকল্প প্রস্তাব করেছে গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়। শোকাবিভূত এসব পরিবারকে মানসম্মত বাসস্থান নিশ্চিত করার মাধ্যমে স্বাভাবিক জীবন যুদ্ধে ফিরিয়ে আনতে এমন উদ্যোগ নিয়েছে অন্তর্বর্তী সরকার। ‘৩৬ জুলাই আবাসিক ফ্ল্যাট নির্মাণ’ নামের এই প্রকল্পের মোট ব্যয় ধরা হয়েছে ৭৬১ কোটি ৬৯ লাখ টাকা।-খবর সংশ্লিষ্ট সূত্রের।
জাতীয় গৃহায়ন কর্তৃপক্ষের নিজস্ব ৫.৮ একর জমিতে ৬টি ১৪ তলা এবং ১২টি ১০ তলা ভবনে মোট ৮০৪টি ফ্ল্যাট নির্মাণ করা হবে। ১৪ তলা ভবনে বেজমেন্টে গাড়ি পার্কিং এবং উপরের তলায় ফ্ল্যাট থাকবে। ১০ তলা ভবনেও একইভাবে গাড়ি পার্কিং ও আবাসিক ফ্ল্যাটের ব্যবস্থা থাকবে। সব ভবন ভূমিকম্পসহনীয় ডিজাইনে নির্মাণ করা হবে।
এদিকে দ্বিতীয়বারের পিইসি সভায় প্রকল্পে বিভিন্ন ত্রুটি ও অস্পষ্টতার কারণে ডিপিপি (উন্নয়ন প্রকল্প প্রস্তাব) ফেরত দিয়েছে পরিকল্পনা কমিশন। সভায় প্রকল্প পরিচালকের বেতন, যানবাহন ভাড়া, অভ্যন্তরীণ রাস্তা ও ড্রেন নির্মাণসহ নতুন খাত যুক্ত করার যৌক্তিকতা পরীক্ষা করা হয়েছে। এছাড়া স্থাপত্য, বৈদ্যুতিক ও অবকাঠামোগত নকশা আলাদা খাতে ব্যয় ধরার সুপারিশ, ক্রয় পরিকল্পনায় সেবা প্যাকেজ যুক্ত করার নির্দেশ, ফিজিক্যাল ও প্রাইস কন্টিনজেন্সি পুনঃসমীক্ষা এবং প্রকিউরমেন্ট নিয়মাবলী অনুসারে দায়িত্ব নির্ধারণ করার সুপারিশ করা হয়েছে।
পরিকল্পনা কমিশন সুপারিশগুলো মেনে প্রকল্প প্রক্রিয়াজাত হলে চলতি বছরের মধ্যে কাজ শুরু হয়ে ২০২৯ সালের জুনের মধ্যে বাস্তবায়ন সম্পন্ন হবে।
রিপোর্টার্স২৪/আরকে