মেহেরপুর প্রতিনিধি: ভারতের কারাভোগ শেষে অবৈধ অনুপ্রবেশ মামলায় দণ্ডভোগ করা ২৪ বাংলাদেশিকে পতাকা বৈঠকের মাধ্যমে দেশে ফেরত পাঠিয়েছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ। মঙ্গলবার (১৮ নভেম্বর) বিকেলে মেহেরপুরের গাংনী উপজেলার কাথুলী সীমান্তে আন্তর্জাতিক মেইন পিলার ১৩২/৩-এস এর সামনে টেইপুর এলাকায় এ বৈঠক অনুষ্ঠিত হয়।
পতাকা বৈঠকে বিএসএফ ২৪ বাংলাদেশিকে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)-এর কাছে আনুষ্ঠানিকভাবে হস্তান্তর করে। বিজিবির পক্ষে কাথুলী কোম্পানি দপ্তরের কমান্ডার নায়েক সুবেদার মো. কামরুজ্জামান এবং বিএসএফের পক্ষে ভারতের নদীয়া জেলার তেহট্টার ৫৬ ব্যাটালিয়নের টেইপুর কোম্পানি কমান্ডার এসি আনচ কুমার উপস্থিত ছিলেন।
বিজিবি সূত্র জানায়, ফেরত আসা ব্যক্তিদের মধ্যে নারী, পুরুষ ও শিশু রয়েছে। তাদের নাম-শরিফুল ইসলাম, নিলিমা বেগম, আব্দুর রহিম, আদুরী খাতুন, আশিক বিশ্বাস, রাতুল হোসেন, কুলছুম খাতুন, উজ্জ্বল হোসেন, রেজাউল, জনি আহম্মেদ, রকিব হোসেন, জিহাদ, আবুবক্কর সিদ্দিক, হাসান আলী, জিন্নাত আলী, জাফর চাপরাশি, রাসেল হাওলাদার, আকতার হোসেন, রাজু, সিমা বেগম, শান্তা আক্তার, কাজী জসিম উদ্দিন, লিলি খাতুন ও আছিয়া আক্তার।
বিজিবি জানায়, দালালের মাধ্যমে অবৈধভাবে সীমান্ত পেরিয়ে এসব ব্যক্তি ভারতে প্রবেশ করে শ্রমিকের কাজ করছিলেন। পরে ভারতীয় পুলিশ তাদের আটক করে বিএসএফের কাছে হস্তান্তর করে। আইনি প্রক্রিয়া শেষে বিএসএফ তাদের বিজিবির কাছে ফেরত দেয়।
কাথুলী বিজিবি কোম্পানির দপ্তর কমান্ডার নায়েক সুবেদার কামরুজ্জামান বলেন, আইনি প্রক্রিয়া শেষে সবাইকে গাংনী থানায় সোপর্দ করা হয়েছে।
গাংনী থানার ওসি (তদন্ত) আল মামুন জানান, হস্তান্তর হওয়া ২৪ জনকে থানায় রাখা হয়েছে। যাচাই-বাছাই শেষে তাদের পরিবারের কাছে হস্তান্তরের প্রক্রিয়া চলছে।
রিপোর্টার্স২৪/আরকে