রিপোর্টার্স২৪ ডেস্ক: ২১ নভেম্বরের ভূমিকম্পে দুর্ঘটনায় নিহত ব্যক্তিদের পরিবারকে সর্বোচ্চ ২৫ হাজার টাকা আর্থিক সহায়তা দেওয়ার ঘোষণা দিয়েছে ঢাকা জেলা প্রশাসন। ঢাকায় বসবাসকারী বা ঢাকায় এসে ভূমিকম্পে প্রাণ হারানো ব্যক্তিদের ক্ষেত্রেই এই সহায়তা প্রযোজ্য হবে।
শুক্রবার (২১ নভেম্বর) রাতে জেলা প্রশাসক মো. রেজাউল করিম স্বাক্ষরিত এক বিশেষ প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এতে উল্লেখ করা হয়, ভূমিকম্পে আহত ব্যক্তিদেরও সর্বোচ্চ ১৫ হাজার টাকা পর্যন্ত আর্থিক সহযোগিতা প্রদান করা হবে। আহত ব্যক্তির চিকিৎসা সংক্রান্ত প্রয়োজনীয় কাগজপত্র ও সংশ্লিষ্ট চিকিৎসকের সুপারিশের ভিত্তিতে এ সহায়তা দেওয়া হবে।
বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, সাহায্য প্রত্যাশী রোগী বা নিজে যোগাযোগে অক্ষম ব্যক্তির ক্ষেত্রে হাসপাতালের তত্ত্বাবধায়ক, এটেনডেন্ট বা নিকটাত্মীয় জেলা প্রশাসনের কন্ট্রোল রুমের +৮৮০১৭০০৭১৬৬৭৮ নম্বরে যোগাযোগ করে সহায়তা গ্রহণ করতে পারবেন। ঢাকায় বসবাসকারী বা ঢাকায় এসে দুর্ঘটনায় আহত হওয়া ব্যক্তিদের এই আর্থিক সহযোগিতার আওতায় আনা হবে।
রিপোর্টার্স২৪/আরকে