কিশোরগঞ্জ প্রতিনিধি: বাংলাদেশের বর্তমান সংবিধান ভারতীয় ‘প্রেসক্রিপশন’ অনুযায়ী তৈরি হয়েছে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ খেলাফত মজলিশের আমির মাওলানা মামুনুল হক। তিনি বলেন, ইন্দিরা গান্ধীর নির্দেশে ভারতের সংবিধানের মূলনীতিগুলো বাংলাদেশের সংবিধানে সংযোজন করা হয়েছিল। এতে লাখো শহীদের রক্তে অর্জিত বাংলাদেশের স্বাধীনতাকে ভারত মাতার কাছে বিকিয়ে দেওয়া হয়েছে।
মঙ্গলবার (২৫ নভেম্বর) বিকেলে কিশোরগঞ্জের হোসেনপুর উপজেলা সদরের ঈদগাহ ময়দানে খেলাফত মজলিশের কর্মী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। সমাবেশের আয়োজন করে বাংলাদেশ খেলাফত মজলিশ হোসেনপুর উপজেলা শাখা।
মামুনুল হক বলেন, ১৯৭১ থেকে ২০২৪ সাল পর্যন্ত বাংলাদেশকে ভারতের করদ রাজ্যে পরিণত করে রাখা হয়েছিল। তাই ২০২৪-এর গণঅভ্যুত্থান অনিবার্য হয়ে উঠেছিল। ছাত্র-জনতার রক্তে অর্জিত সেই গণঅভ্যুত্থান প্রমাণ করেছে- এদেশে আর ভারতের আধিপত্যবাদ চলবে না, চলবে না ৭২-এর সংবিধানও। নতুন বাংলাদেশ গড়ে উঠবে ১৯৪৭, ১৯৭১ ও ২০২৪-এর চেতনার ভিত্তিতে।
তিনি আগামী জাতীয় সংসদ নির্বাচনের গণভোটে ‘হ্যাঁ’ ভোট দেওয়ার আহ্বান জানিয়ে বলেন, হ্যাঁ যদি জয়লাভ করে, তাহলে জুলাই সনদের বাস্তবায়ন নিশ্চিত হবে। হ্যাঁ জয়ী হলে ১৯৪৭-এর দেশ বিভক্তির ভিত্তিতে ইসলামের বাংলাদেশ গড়ে উঠবে এবং দেশে নতুন করে ফ্যাসিবাদ ফিরে আসার পথও বন্ধ হয়ে যাবে।
বিগত সরকারগুলোর সমালোচনা করে মামুনুল হক বলেন, বছরের পর বছর শিল্পপতি, ব্যবসায়ী ও রাজনৈতিক নেতাদের ভাগ্য পরিবর্তন হয়েছে, কিন্তু রিকশাচালক, নৌকার মাঝি, কৃষক, শ্রমিক, মেহনতি মানুষের ভাগ্য বদলায়নি।
এসময় তিনি কিশোরগঞ্জ-১ (সদর ও হোসেনপুর) আসনে খেলাফত মজলিশের প্রার্থী হিসেবে হেদায়েতুল্লাহ হাদীকে পরিচয় করিয়ে দিয়ে রিকশা প্রতীকে ভোট চাইতে জনতাকে আহ্বান জানান।
কর্মী সমাবেশে সভাপতিত্ব করেন বাংলাদেশ খেলাফত মজলিস হোসেনপুর উপজেলা শাখার সভাপতি মাওলানা আবুল কালাম ফারুকী। প্রধান বক্তা ছিলেন প্রার্থী হেদায়েতুল্লাহ হাদী। এছাড়া বক্তব্য দেন কেন্দ্রীয় বায়তুল মাল সম্পাদক মাওলানা ফজলুর রহমান, কিশোরগঞ্জ জেলা শাখার সভাপতি মাওলানা আব্দুল করিম, কেন্দ্রীয় নির্বাহী সদস্য মাওলানা মোহাম্মদ আলীসহ আরও অনেকে।
রিপোর্টার্স২৪/আরকে