ঝিনাইদহ প্রতিনিধি: ঝিনাইদহ সদর থানার চাঞ্চল্যকর মুরাদ হত্যা মামলার এজাহারভুক্ত অন্যতম পলাতক আসামিকে মাত্র ২৪ ঘণ্টার ব্যবধানে গ্রেপ্তার করেছে র্যাব-৬, সিপিসি-২।
সোমবার (১ ডিসেম্বর) রাত ১২টা ১৫ মিনিটে গোপন সংবাদের ভিত্তিতে র্যাব-৬, সিপিসি-২ ঝিনাইদহ ক্যাম্পের একটি চৌকস আভিযানিক দল সদর থানাধীন উদয়পুর এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে। এ সময় গ্রেপ্তার করা হয় রাহাত (২৫), পিতা ইউনুচ লস্কর, সাং পবহাটি, থানা ও জেলা ঝিনাইদহকে।
এজাহারে জানা যায়, মুরাদের পিতার দোয়া মাহফিলকে কেন্দ্র করে মামলার ২ নম্বর আসামি আলমের অবমাননাকর মন্তব্য থেকে উভয়ের মধ্যে উত্তেজনা সৃষ্টি হয়। ঘটনার ধারাবাহিকতায় গত ২৯ নভেম্বর পবহাটি সিটি মোড়ে জনাব দাউদের সিমেন্টের ঘরে বসে থাকা অবস্থায় রাহাতসহ অন্যান্য আসামিরা চাকু, লাঠি ও হাতুড়ি দিয়ে অতর্কিতে হামলা চালায়। এতে গুরুতর আহত মুরাদ ঘটনাস্থলেই নিহত হন। পরে নিহতের স্ত্রী সাথী বেগম বাদী হয়ে হত্যা মামলা দায়ের করেন।
গ্রেপ্তারকৃত রাহাতকে ঝিনাইদহ সদর থানায় হস্তান্তর করা হয়েছে। এদিকে মামলার অন্যান্য আসামিদের গ্রেপ্তারে র্যাবের অভিযান অব্যাহত রয়েছে।
রিপোর্টার্স২৪/ঝুম