সিনিয়র রিপোর্টার: ডেঙ্গুতে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় আরও তিনজনের মৃত্যু হয়েছে। একই সময়ে দেশের বিভিন্ন হাসপাতালে নতুন করে ভর্তি হয়েছেন ৫৬৫ জন রোগী। বৃহস্পতিবার (৪ ডিসেম্বর) স্বাস্থ্য অধিদপ্তরের প্রকাশিত ডেঙ্গু পরিস্থিতি প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।
প্রতিবেদনে বলা হয়, নতুন ভর্তি হওয়া রোগীদের মধ্যে ঢাকা সিটি করপোরেশন এলাকায় ৩২০ জন এবং বাকি ২৪৫ জন রাজধানীর বাইরে বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন।
চলতি বছর এ পর্যন্ত ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ৯৬ হাজার ৬২৭ জন। চিকিৎসা শেষে সুস্থ হয়ে ছাড়পত্র পেয়েছেন ৯৪ হাজার ৪০৩ জন। এ সময়ের মধ্যে দেশে ডেঙ্গুজনিত কারণে মোট ৩৯৪ জনের মৃত্যু হয়েছে।
উল্লেখ্য, ২০২৩ সালে দেশে ডেঙ্গুতে সর্বোচ্চ ৩ লাখ ২১ হাজার ১৭৯ জন রোগী শনাক্ত হয় এবং আক্রান্ত হয়ে মৃত্যু হয় ১ হাজার ৭০৫ জনের—যা দেশের ইতিহাসে সর্বাধিক।
রিপোর্টার্স২৪/এসসি