স্টাফ রিপোর্টার: সারা দেশে ৬২ হাজার স্বেচ্ছাসেবক তৈরির কাজ চলছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) জাহাঙ্গীর আলম চৌধুরী। রাজধানীর পূর্বাচলে আন্তর্জাতিক স্বেচ্ছাসেবক দিবস উপলক্ষে ফায়ার সার্ভিসের ট্রেনিং গ্রাউন্ডে আয়োজিত অনুষ্ঠানে তিনি এ তথ্য জানান।
তিনি বলেন, ইতিমধ্যে ৫৫ হাজারের বেশি স্বেচ্ছাসেবককে প্রশিক্ষণ দেওয়া হয়েছে। তারা দুর্যোগ মোকাবিলায় ফায়ার সার্ভিসের সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করছেন।
শুক্রবার সকালে আট বিভাগ থেকে আসা স্বেচ্ছাসেবকদের নিবন্ধনের মাধ্যমে দিনের কার্যক্রম শুরু হয়। পরে বর্ণাঢ্য শোভাযাত্রা, ধর্মগ্রন্থ পাঠ ও আলোচনা পর্ব অনুষ্ঠিত হয়। ফায়ার সার্ভিসের পরিচালক লেফটেন্যান্ট কর্নেল এম এ আজাদ আনোয়ার স্বাগত বক্তব্য দেন।
অনুষ্ঠানে বক্তারা বলেন, বড় অগ্নিদুর্ঘটনা, ভূমিকম্প ও বন্যার মতো দুর্যোগ মোকাবিলায় স্বেচ্ছাসেবকদের দক্ষ প্রশিক্ষণ অত্যন্ত গুরুত্বপূর্ণ। উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী উল্লেখ করেন, স্বেচ্ছাসেবকেরা ইতিমধ্যে জনগণের বন্ধু হিসেবে নিজেদের প্রতিষ্ঠিত করেছেন।
অনুষ্ঠানে ফায়ার সার্ভিসের মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মুহাম্মদ জাহেদ কামাল বাছাই করা ২২ জন স্বেচ্ছাসেবককে ক্রেস্ট ও সনদ প্রদান করেন এবং তাদের অবদানের প্রশংসা করেন। অনুষ্ঠানে দুই শতাধিক স্বেচ্ছাসেবক ও ফায়ার সার্ভিসের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
রিপোর্টার্স২৪/বাবি