আন্তর্জাতিক ডেস্ক: অযোধ্যায় বাবরি মসজিদ ধ্বংসের ৩৩ বছর পর পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদের রেজিনগরে একই নামের মসজিদের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হচ্ছে শনিবার। তৃণমূল থেকে বহিষ্কৃত বিধায়ক হুমায়ুন কবীর এই উদ্যোগের নেতৃত্ব দিচ্ছেন। কলকাতা হাইকোর্টে দায়ের হওয়া মামলায় ডিভিশন বেঞ্চ কোনো হস্তক্ষেপ না করায় অনুষ্ঠানে আইনি বাধা নেই।
আজ দুপুর ১২টায় ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠিত হবে। কর্মসূচিকে ঘিরে স্থানীয় রাজনীতিতে তীব্র বিতর্ক দেখা দিয়েছে। বিরোধীরা একে সংখ্যালঘু আবেগকে রাজনৈতিকভাবে ব্যবহার করার অভিযোগ তুলেছে। শান্তি বজায় রাখতে এলাকায় কড়া নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে; মোতায়েন করা হয়েছে কেন্দ্রীয় আধা সামরিক বাহিনীও।
শুক্রবার সংবাদ সম্মেলনে হুমায়ুন কবীর জানান, অনুষ্ঠানে বিপুলসংখ্যক মানুষ উপস্থিত থাকবেন এবং তিন বছর মেয়াদে মসজিদ নির্মাণের ব্যয় বহন করবেন ধর্মপ্রাণ মুসলমানরা। তিনি দাবি করেন, প্রায় দুই হাজার স্বেচ্ছাসেবক মাঠে থাকবে।
এই ঘোষণায় পশ্চিমবঙ্গের রাজনীতি আরও উত্তপ্ত হয়েছে। বিজেপি বলছে, এটি রাজনৈতিক উত্তেজনা সৃষ্টির প্রচেষ্টা; তৃণমূলের দাবি, হুমায়ুন কবীর সংখ্যালঘু আবেগ নিয়ে খেলছেন। আইনশৃঙ্খলা রক্ষায় গভর্নর সি ভি আনন্দ বোস এর আগে তাঁকে গ্রেপ্তারের নির্দেশ দিয়েছিলেন।
সংবাদ সম্মেলনে হুমায়ুন কবীর জানান, তিনি ১৭ ডিসেম্বর বিধায়ক পদ থেকে ইস্তফা দেবেন এবং তৃণমূলের সঙ্গে সব সম্পর্ক শেষ করেছেন। ২২ ডিসেম্বর বহরমপুরের সমাবেশ থেকে নতুন একটি ধর্মনিরপেক্ষ রাজনৈতিক দল গঠনের ঘোষণা দেবেন বলেও জানান তিনি।
রিপোর্টার্স২৪/বাবি