রিপোর্টার্স২৪ ডেস্ক: শীতের শুরুতেই কাঁপুনি ধরিয়ে দিল পঞ্চগড়। উত্তরের এই জেলায় আবারও নেমে এসেছে তাপমাত্রার পারদ। শনিবার (৬ ডিসেম্বর) সকাল ৯টায় তেঁতুলিয়া আবহাওয়া অফিস চলতি মৌসুমের সর্বনিম্ন ১০ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করেছে, যা এ পর্যন্ত অঞ্চলের সর্বনিম্ন তাপমাত্রা।
টানা তিনদিন ধরে সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১২ ডিগ্রির নিচে। এর আগে মৌসুমের সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১১ দশমিক ৭ ডিগ্রি সেলসিয়াস। তবে দিনের সর্বোচ্চ তাপমাত্রা গত দুইদিন ধরে অপরিবর্তিত অবস্থায় ২৭ ডিগ্রি সেলসিয়াসে স্থির রয়েছে।
গত কয়েকদিনের ঠান্ডা হাওয়া ও ঘন কুয়াশায় পঞ্চগড়বাসীর দুর্ভোগ বেড়েছে। সন্ধ্যার পর থেকেই উত্তরের হিমেল বাতাস ও গভীর কুয়াশা একপ্রকার জমিয়ে দিচ্ছে চারদিক। রাতভর থাকে ঘন কুয়াশার আস্তরণ, আর ভোরের দিকে সূর্য উঠতেই একটু কমে আসে শীতের তীব্রতা। তবে বিকেল গড়াতেই আবার নেমে আসে কনকনে শীতের আবহ। যা টিকে থাকে পরদিন সকাল পর্যন্ত।
এতে সবচেয়ে বেশি ভোগান্তিতে পড়ছেন সকালবেলা কাজের খোঁজে বের হওয়া দিনমজুর ও শ্রমজীবীরা। কুয়াশায় ভিজে বাতাস তাদের পথচলাকে করছে আরও কঠিন।
তেঁতুলিয়া আবহাওয়া পর্যবেক্ষণাগারের ভারপ্রাপ্ত কর্মকর্তা জিতেন্দ্রনাথ রায় জানান, “শনিবার সকাল ৯টায় আমরা ১০ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করেছি। দিনের তাপমাত্রা ছিল ২৭ ডিগ্রি, আর বাতাসের আর্দ্রতা ছিল ৯৪ শতাংশ।” তিনি আরও জানান, চলতি মাসের মাঝামাঝি সময় এক থেকে দুটি শৈত্যপ্রবাহ বয়ে যেতে পারে, যা শীতের প্রকোপ আরও বাড়াতে পারে।
রিপোর্টার্স২৪/ঝুম