বাগেরহাট প্রতিনিধি: বাগেরহাট শহরের ঐতিহাসিক পুরাতন জেলখানা পুকুরটি দীর্ঘদিন কচুরিপানায় ঢাকা পড়ে ব্যবহারের অযোগ্য হয়ে পড়েছিল। অবশেষে বাংলাদেশ রেডক্রিসেন্ট সোসাইটি, বাগেরহাট ইউনিটের স্বেচ্ছাসেবকরা পুকুর পরিষ্কার কার্যক্রম শুরু করেছেন।
শনিবার (০৬ ডিসেম্বর) সকালে জেলা প্রশাসক গোলাম মোঃ বাতেন আনুষ্ঠানিকভাবে এই পরিস্কার অভিযান উদ্বোধন করেন। উদ্বোধনী অনুষ্ঠানে রেডক্রিসেন্টের সহ-সভাপতি অধ্যাপক মোস্তাহিদুল আলম রবি, সাধারণ সম্পাদক মাহবুবুর রহমান টুটুলসহ সংগঠনের শতাধিক সদস্য উপস্থিত ছিলেন।
স্থানীয় বাসিন্দারা জানান, দীর্ঘদিন ধরে পুকুরটি কচুরিপানায় ঢাকা থাকায় পরিষ্কার পানির সংকট দেখা দেয়। আশপাশের বাসিন্দা, দোকান, হোটেল-রেস্টুরেন্টের মানুষ দীর্ঘদিন ধরে এই পুকুরের পানি ব্যবহার করলেও কচুরিপানা বৃদ্ধির ফলে তা প্রায় অসম্ভব হয়ে পড়ে। স্থানীয় বাসিন্দা মোহাম্মদ মামুন বলেন, এই পুকুর আমাদের দৈনন্দিন পানির একটি বড় উৎস। দীর্ঘদিন কেউ এগিয়ে না এলেও রেডক্রিসেন্টের এই উদ্যোগ আমাদের জন্য অত্যন্ত স্বস্তিদায়ক।
রেডক্রিসেন্টের সহ-সভাপতি অধ্যাপক মোস্তাহিদুল আলম রবি জানান, সকালের পর থেকেই স্বেচ্ছাসেবকরা একযোগে কচুরিপানা অপসারণে নেমেছেন। আশা করছি, একদিনের মধ্যেই পুরো পুকুরটি পরিস্কার করা সম্ভব হবে। ভবিষ্যতে শহরের অন্যান্য জলাশয়ও নিয়মিত পরিষ্কার-পরিচ্ছন্নতার কার্যক্রম চলবে।
জানা যায়,শহরের গুরুত্বপূর্ণ জলাধার হিসেবে পুকুরটির প্রতি মানুষের বিশেষ আগ্রহ রয়েছে। পুকুরটির চারপাশে শিল্পকলা একাডেমি, পুরাতন জেলখানা জামে মসজিদ, স্বাধীনতা উদ্যান ও শহীদ মিনারসহ গুরুত্বপূর্ণ স্থাপনা রয়েছে। ছয় বছরের বেশি সময় ধরে পুকুরটি অযত্নে পড়ে থাকায় মুসল্লীরা দূষিত পানি দিয়ে ওজু করতে বাধ্য হতেন।
রিপোর্টার্স২৪/মিতু