রিপোর্টার্স২৪ ডেস্ক: ঘড়ির কাঁটা যেন বিরামহীন আতঙ্কের গল্প লিখলো সিলেটে। মধ্যরাতের নিস্তব্ধতা ভেঙে মাত্র পাঁচ মিনিটের ব্যবধানে দু’দফা ভূমিকম্পে কেঁপে উঠেছে পুরো শহর, এমন তথ্য নিশ্চিত করেছে ইউরোপীয়-ভূমধ্যসাগরীয় ভূমিকম্প কেন্দ্র।
ভারতের ভূমিকম্প পর্যবেক্ষণ সংস্থা ন্যাশনাল সেন্টার ফর সিসমোলজির তথ্য অনুযায়ী, প্রথম ভূমিকম্পটি আঘাত হানে বুধবার (১০ ডিসেম্বর) রাত ২টা ৫০ মিনিট ৩১ সেকেন্ডে, যার মাত্রা ছিল রিখটার স্কেলে ৩.৫। পাঁচ মিনিটও পেরোয়নি। এর ঠিক পরেই রাত ২টা ৫৫ মিনিট ১৪ সেকেন্ডে আরেকটি ভূকম্পন অনুভূত হয়, যার শক্তি ছিল ৩.৩ মাত্রা।
দুটি ভূমিকম্পেরই উৎস পাওয়া গেছে সিলেটের জকিগঞ্জ উপজেলার বাংলাদেশ ভারত সীমান্তবর্তী ভূখণ্ডে, যেখানে ভূ-চঞ্চলতা আগেও ঝুঁকির ইঙ্গিত দিয়েছিল।
এনসিএস জানায়, প্রথম ভূমিকম্পের কেন্দ্রের ভৌগোলিক অবস্থান ছিল ২৪.৮৩০° উত্তর, ৯২.১৮০° পূর্ব, এবং এর গভীরতা ছিল ২০ কিলোমিটার। দ্বিতীয় কম্পনের কেন্দ্র ছিল ২৪.৭৯০° উত্তর, ৯২.২১০° পূর্ব, যার গভীরতা আরও বেশি ৩০ কিলোমিটার।
এর কয়েক মুহূর্ত আগে, রাত ২টা ৫৪ মিনিট ৩ সেকেন্ডে, প্রতিবেশী দেশ মিয়ানমারেও ৩.৭ মাত্রার আরেকটি ভূমিকম্প রেকর্ড করা হয়। এর উৎপত্তিস্থল ছিল উত্তর মান্দালয়ের কাছাকাছি, প্রায় ৬ কিলোমিটার দূরে।
স্বল্পমাত্রার হলেও মধ্যরাতের এমন টানা কম্পন স্থানীয়দের মনে আতঙ্ক ছড়িয়েছে। ভূমিকম্প বিশেষজ্ঞরা বলছেন, সীমান্তবর্তী অঞ্চলে বারবার এমন ক্ষুদ্র কম্পন ভবিষ্যৎ ঝুঁকির ইঙ্গিত দিতে পারে।
রিপোর্টার্স২৪/ঝুম