স্টাফ রিপোর্টার: রাজধানীর উত্তরায় জুলাই রেভেলসের সদস্য মোহাম্মদ রেজওয়ানের ওপর হামলার ঘটনায় দুইজনকে গ্রেপ্তার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)। গ্রেপ্তাররা হলেন মো. মাসুম ও মো. ফাহিম খান।
ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপপুলিশ কমিশনার মুহাম্মদ তালেবুর রহমান রোববার বিষয়টি নিশ্চিত করে জানান, মামলার সুষ্ঠু তদন্ত চলছে এবং ঘটনায় জড়িত অন্যদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।
উত্তরা-পূর্ব থানার তথ্য অনুযায়ী, গত ১৩ ডিসেম্বর সন্ধ্যা সাড়ে ৭টার দিকে উত্তরার ৬ নম্বর সেক্টর এলাকায় মোহাম্মদ রেজওয়ানের ওপর ধারালো অস্ত্র নিয়ে হামলা চালানো হয়। এতে তিনি গুরুতর আহত হন। পরে তাকে স্থানীয় একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়।
পুলিশ জানায়, ঘটনার পর রাজধানীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে রোববার ভোর ৫টা ৩০ মিনিটের দিকে দক্ষিণখান এলাকা থেকে দুইজনকে গ্রেপ্তার করা হয়।
এদিকে, জুলাই রেভেলসের সহসংগঠক মো. পারভেজ বলেন, রেজওয়ান মানববন্ধনে অংশ নেওয়ার পর অফিসে বিশ্রাম নিচ্ছিলেন। এ সময় কয়েকজন দুর্বৃত্ত অতর্কিতভাবে হামলা চালিয়ে তাকে কুপিয়ে আহত করে।
রিপোর্টার্স২৪/এসসি