শরীয়তপুর প্রতিনিধি : আপনারা ভোট দিলে বিএনপিকে দেবেন। না দিলে আপনারা ঘরে শুয়ে থাকবেন। কিন্তু আমাদের চোখের সামনে দিয়ে জামায়াত-রাজাকারদের ভোট দিয়ে ঘরে শান্তিতে থাকবেন—ওই শান্তিতে আমি থাকতে দেব না। এভাবেই ভোটারদের হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে শরীয়তপুরের নড়িয়া উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মতিউর রহমান সাগরের বিরুদ্ধে। ইতোমধ্যে তাঁর এই বক্তব্য সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। এরপর থেকেই স্থানীয় ভোটারদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়েছে।
মতিউর রহমান সাগর দীর্ঘদিন ধরে বিএনপির রাজনীতির সঙ্গে জড়িত। বর্তমানে তিনি নড়িয়া উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক।
শনিবার (১৩ ডিসেম্বর) রাতে নড়িয়া উপজেলার ঘড়িষার ইউনিয়নের নোয়াদ্দা বাংলাবাজার এলাকায় তাঁর নিজ কার্যালয়ে এমন বক্তব্য দেন তিনি। পরপরই বক্তব্যটি সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়লে নিন্দার ঝড় ওঠে। তবে বিষয়টি নিয়ে সমালোচনা শুরু হলে রোববার দুপুরে তিনি তাঁর ফেসবুক আইডি থেকে বক্তব্যটি সরিয়ে নেন। পরে রোববার বিকেল চারটার দিকে আরেকটি লাইভে তিনি দাবি করেন, তাঁর বক্তব্য একটি মহল কৃত্রিম বুদ্ধিমত্তা দিয়ে কাটছাঁট করে সামাজিক যোগাযোগমাধ্যমে অপপ্রচার চালাচ্ছে।
বক্তব্যে তাঁকে আরও বলতে শোনা যায়, আওয়ামী লীগের যেসব ভাই এলাকায় আছেন কিংবা দূরে আছেন—বিগত দিনে আকাম-কুকাম ও বিভিন্ন অরাজকতা করেছেন—আজ থেকে তাঁদের মাফ করে দেব। আমরা প্রতিহিংসার রাজনীতি করতে চাই না। আপনারা এলাকায় থাকবেন। চিন্তা করে দেখুন, আগামীতে বিএনপি সরকার ক্ষমতায় আসছে। এলাকার স্বার্থে, উন্নয়নের স্বার্থে কিংবা সুবিধা-অসুবিধার স্বার্থে আপনারা বিএনপির পাশে থাকবেন। যদি আপনাদের দল পুনর্বাসন হয়, আবার কখনো প্রতিষ্ঠিত হয় কিংবা এ দেশের রাজনীতিতে সুযোগ পায়, তখন যদি আপনারা আমাদের ছেড়ে চলে যান—সে ক্ষেত্রে আমাদের আপত্তি থাকবে না। কিন্তু আমাদের চোখের সামনে দিয়ে জামায়াত-রাজাকারদের ভোট দিয়ে ঘরে শান্তিতে থাকবেন—ওই শান্তিতে আমি থাকতে দেব না।
তার বক্তব্যের নিন্দা জানিয়ে শরীয়তপুর-২ আসনের জামায়াত মনোনীত প্রার্থী অধ্যাপক ডা. মাহমুদ হোসেন বকাউল বলেন, আমি যতটুকু জানি, তিনি (মতিউর রহমান সাগর) নড়িয়া উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক। তাঁর কাছ থেকে এমন বক্তব্য অনাকাঙ্ক্ষিত। এ ধরনের বক্তব্যে এখন আর ভোটারদের ওপর প্রভাব পড়ে না—তবু একজন দায়িত্বশীল নেতার কাছ থেকে এমন কথা আসা সঠিক নয়। বিষয়টি প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছি।
বিষয়টি সম্পর্কে জানতে নড়িয়া উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মতিউর রহমান সাগরের মুঠোফোনে কল দিলে সেটি বন্ধ পাওয়া যায়। হোয়াটসঅ্যাপে দুইবার কল দিলেও তিনি কল রিসিভ না করে কেটে দেন।
এ বিষয়ে জানতে শরীয়তপুর জেলা বিএনপির সভাপতি ও নড়িয়া-২ আসনের বিএনপি মনোনীত প্রার্থী শফিকুর রহমান কিরণের মুঠোফোনে একাধিকবার কল দিলেও তিনি সাড়া দেননি।
রিপোর্টার্স২৪/এসএন