রিপোর্টার্স স্পোর্টস ডেস্ক: আর্জেন্টাইন ফুটবল মহাতারকা লিওনেল মেসির সঙ্গে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বহুল আলোচিত সাক্ষাৎ শেষ মুহূর্তে বাতিল করা হয়েছে। গোট ইন্ডিয়া ট্যুর’এর অংশ হিসেবে সোমবার (১৫ ডিসেম্বর) নয়াদিল্লিতে এই বৈঠক অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। এমনকি প্রধানমন্ত্রীর সঙ্গে মেসির সাক্ষাতের জন্য ২১ মিনিটের একটি আনুষ্ঠানিক প্রোটোকলও চূড়ান্ত করা হয়েছিল। তবে অপ্রত্যাশিতভাবে সেই বৈঠক আর অনুষ্ঠিত হয়নি।
ভারতের প্রধানমন্ত্রীর দপ্তর সূত্রে জানা যায়, নরেন্দ্র মোদি চার দিনের সরকারি সফরে জর্ডান, ইথিওপিয়া ও ওমানের উদ্দেশে দেশ ছাড়ছেন। এই বিদেশ সফরের কারণেই মেসির সঙ্গে নির্ধারিত সাক্ষাৎ বাতিল করা হয়েছে বলে ধারণা করা হচ্ছে।
ভারত ত্যাগের আগে দেওয়া এক বিবৃতিতে প্রধানমন্ত্রী মোদি বলেন, আজ আমি জর্ডান, ইথিওপিয়া এবং ওমান সফরে যাচ্ছি। এসব দেশের সঙ্গে ভারতের প্রাচীন সভ্যতাগত সম্পর্ক রয়েছে, পাশাপাশি রয়েছে বহুমাত্রিক সমসাময়িক দ্বিপাক্ষিক সহযোগিতা।
এদিকে, তিন দিনের ভারত সফরে লিওনেল মেসির প্রথম গন্তব্য ছিল কলকাতা। সেখানে সল্টলেক স্টেডিয়ামে তার উপস্থিতিকে ঘিরে কিছুটা বিশৃঙ্খল পরিস্থিতির সৃষ্টি হলেও পরবর্তী দুই শহর হায়দরাবাদ ও মুম্বাইয়ে তার সফর নির্বিঘ্নেই সম্পন্ন হয়।
ভারত সফরের শেষ পর্বে দিল্লির অরুণ জেটলি স্টেডিয়ামে মেসিকে সংবর্ধনা দেওয়ার মাধ্যমে গোট ইন্ডিয়া ট্যুর-এর আনুষ্ঠানিক সমাপ্তি ঘটবে। যদিও মোদির সঙ্গে সাক্ষাৎ বাতিল হওয়ায় এই সফরের শেষ দিনটি কিছুটা অপূর্ণতার ছাপ নিয়ে শেষ হচ্ছে বলে মনে করছেন অনেকে।
রিপোর্টার্স২৪/ঝুম